
খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ ঝিনাইগাতী উপজেলার ভারুয়া গ্রামের অসহায় এক আদিবাসী পরিবার উচ্ছেদ আতঙ্কে রয়েছে। প্রতিপক্ষের ষড়যন্ত্র, হুমকি, মিথ্যা মামলা-মোকাদ্দমার বেড়াজালে এ আতঙ্কের সৃষ্টি হয়। ভূমি প্রশাসনের একটি মিথ্যা প্রতিবেদনে আদালতের নিষেধাজ্ঞা মাথায় নিয়ে নিজ বাড়িতে বসবাস করে আসছেন ওই পরিবারের লোকজন।
জানা যায়, উপজেলার ভারুয়া মৌজায় ৪০ শতাংশ জমি উত্তরাধিকার, গারো আইন ও সামাজিক প্রথামতে মাতৃতান্ত্রিক ওয়ারীশ হিসেবে প্রাপ্ত স্থানীয় ত্রিপলা মারাক, প্রমলা মারাক ও প্রবালিকা মারাক নামে ৩ সহোদর বসতবাড়ি নির্মাণ করে গত ৬০ বছর যাবত বসবাস করে আসছেন। ওই অবস্থায় প্রভাবশালী মহলের যোগসাজসে সুরভী সাংমা, ৩ সহোদরের বসতভিটাসহ তাদের স্বত্বদখলীয় জমি জবর দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এক পর্যায়ে ২০১৬ সালের ১২ জুলাই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সুরভী সাংমা একটি নিষেধাজ্ঞা মোকাদ্দমা দায়ের করেন। আদালত বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্যে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেন। ওই নির্দেশ বলে তদন্ত কর্মকর্তা সুরভী সাংমার সাথে যোগসাজস করে সাক্ষ্য প্রমাণ ছাড়াই সরেজমিনে তদন্ত না করে মনগড়া প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, তর্কিত জমি সুরভী সাংমার দখলে রয়েছে। এ মিথ্যা প্রতিবেদনের আলোকে ২৬ জুলাই ২০১৬ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নালিশি জমি ত্রিপলা মারাকের বসতবাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করে। এ নিষেধাজ্ঞা জারী হওয়ার পর সুরভী সাংমা ওই জমি জবর দখল করতে একবার ডিবি পুলিশে অভিযোগ, আবার থানা-পুলিশে অভিযোগ করে ওই পরিবারটিকে নানাভাবে হয়রানী করে আসছে। আদালতের নিষেধাজ্ঞার খড়গ নিয়ে বসতভিটা হারানোর ভয়ে পরিবারটি এখন দিশেহারা। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি অশুভ মহল ত্রিপলা মারাকের প্রতিপক্ষ সুরভী সাংমাকে পুঁজি করে গারো পরিবারের মাঝে বিভেদ সৃষ্টি করে উভয় পক্ষের জমিজমা হাতিয়ে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেস খকসি বলেন, গারো আইনে মায়ের সম্পত্তিত্বে ছেলেদের কোন অধিকার নেই। এ ক্ষেত্রে ওই ভূমির মালিক প্রমলা মারাক, ত্রিপলা মারাক ও প্রবিলা মারাক। তাদের আত্মীয়তার সুবাদে ওই জমিতে প্রবেশ সাংমা ও মার্টিনা চাম্বুগং দীর্ঘ ৬০ বছর থেকে ভোগদখলদার আছেন। সুরভী সাংমা বিশেষ মহলের চক্রান্তে নেহায়েত পরিবারটিকে হয়রানী করার উদ্দেশ্যেই মিথ্যা মামলা-মোকাদ্দমায় জড়াচ্ছেন।

























