স্টাফ রিপোর্টার ॥ জেএফএ অনুর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৭’র শেরপুর ভেন্যুর প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। ২২ আগস্ট মঙ্গলবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাঙ্গাইল জেলা দলকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে ময়মনসিংহ দল। এর আগে নির্ধারিত সময়ের খেলা টান টান উত্তেজনার মধ্যে ২-২ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এ উপলক্ষে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ইসমত আরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, জেলা লেডিস ক্লাবের সহ-সভাপতি নার্গিস জাহান ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাফুফে প্রতিনিধি মানস দাস বাবুরাম ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত। জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শহর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আঞ্জুমান লিপিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন শেরপুরের রেফারী মজিবর রহমান।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় শেরপুর ভেন্যুর প্রতিযোগিতায় স্বাগতিক শেরপুরসহ ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা মহিলা ফুটবল দল অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল চূড়ান্ত পর্যায়ে খেলবে।


























