স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে ২শ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল মামুন তুষার (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তুষার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার টিকরকান্দি গ্রামের গোলাম হোসেনের ছেলে। শনিবার দুপুরে গ্রেফতারকৃত তুষারকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।
জানা যায়, শুক্রবার রাত পৌণে ৯টার দিকে শ্রীবরদী উপজেলার বটতলা এলাকায় মাদক বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই এলাহীর নেতৃত্বে একটি আভিযানিক দল হাতেনাতে তুষারকে গ্রেফতার করে। ওইসময় তার হেফাজত থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শেরপুরের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, গ্রেফতারকৃত তুষার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।























