স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বেলাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত। ১৬ আগস্ট বুধবার বিকেলে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ্ উদ্দিন ওই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন শ্রীবরদী উপজেলার রানীশিমুল গ্রামের শাহ আলীর ছেলে তারা মিয়া, একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ফজলু এবং টাগরা শেখের ছেলে তোফাজ্জল হোসেন ওরফে টোপা। অন্যদিকে একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ৩ জনকে খালাস দেওয়া হয়েছে।
অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু জানান, দন্ডপ্রাপ্ত আসামীদের সাথে ঝিনাইগাতী উপজেলার নওকুচি গ্রামের ইমান আলীর পরিবারের বিয়েসংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক শত্রুতা চলছিল। এরই জের ধরে ২০০৫ সালের ১০ এপ্রিল দন্ডপ্রাপ্ত আসামী ফজলুর সাথে জামতলী নামক স্থানীয় বাজারে কথা কাটাকাটি হয় ইমান আলীর। সে সময় ইমান আলীকে দেখে নেওয়ার হুমকি প্রর্দশন করে আসামীরা চলে যায়। পরে ওইদিন রাত থেকে ইমান আলীর ছেলে বেলাল হোসেন নিখোঁজ হয়। পরে ১৪ এপ্রিল বাগেরভিটা ও বিলাসপুর গ্রামের মধ্যবর্তী মরাপাগলা নদীর পশ্চিমে জনৈক লিটনের ধান ক্ষেতে নিহত বেলালের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই ঘটনায় ভিকটিম বেলাল হোসেনের বাবা ইমান আলী বাদী হয়ে ৬ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন। পরে আসামীদের গ্রেফতার করা হলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। তদন্ত শেষে একই বছরের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঝিনাইগাতী থানার এসআই এসএম শাহাদত হোসেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় বাদী, আসামীর জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, চিকিৎসকসহ ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দোহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে ওই রায় ঘোষণা করা হয়।

























