স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্যর উপর আলোচনা সভা, রক্তের গ্রুপ নির্ণয় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সরকারি কলেজের আয়োজনে ১৩ আগস্ট রবিবার কলেজ অডিটোরিয়ামে ওই আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্যর উপর রচনা প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অহিদুল ইসলাম অন্তর ১ম স্থান, একাদশ শ্রেণির শিক্ষার্থী আইনুন নাঈমা নীতি ২য় স্থান ও সারথী মালাকার ৩য় স্থান অর্জন করে। নির্মলেন্দু গুণের “আমি আজ কারো রক্ত চাইতে আসিনি” কবিতা আবৃতিতে সম্মান ২য় বর্ষের শিক্ষার্থী মনিরা ইয়াসমিন মুক্তা ১ম, দ্বাদশ শ্রেণির তৌহিদা স্বাধীন ২য় ও একাদশ শ্রেণির সারথী মালাকার ৩য় স্থান লাভ করে।
জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত হামদ-নাত প্রতিযোগিতায় একাদশ শ্রেণির মাইমুনাতুন জান্নাত তুষ্টি প্রথম, একাদশ শ্রেণির আসমাউল হোসনা ২য় ও সৌরভ হাসান ৩য় পুরষ্কার লাভ করে।
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম রিয়াজুল হাসানের সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়ার সঞ্চালনায় এ আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাণীবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেবেকা ইয়াসমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক খান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আজাহারুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল কাদির, শেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আকরাম হোসেন প্রমুখ। ওইসময় অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে শেরপুর সরকারি কলেজ, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়েছে। এতে সকাল ৯ টা হতে বেলা ১ টা পর্যন্ত প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।























