ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার সদর বাজারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাজারের বায়োজিদ স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ মোতাবেক ২ হাজার টাকা, জবা হোটেলকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশসহ পঁচাবাসী খাবার বিক্রি করার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ মোতাবেক ৩ হাজার টাকা ও মা হোটেলকে একই অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. মুনতাসির বিল্লাহ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. আব্দুল মুন্নাফ। এ সময় তাদের ভোক্তা-অধিকার বিরোধী কার্যকলাপ সম্পর্কে সচেতন করা হয়। উপস্থিত ক্রেতা-ভোক্তা ও সম্ভাব্য ক্রেতা-ভোক্তাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
























