শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী থানার উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার দুপুরে থানা ভবন চত্ত্বরে আয়োজিত ওই ওপেন হাউস ডে’তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রফিকুল হাসান গনি। ওইসময় তিনি বলেন, মাদক, বাল্য বিয়ে ও জঙ্গিবাদ মোকাবেলায় প্রয়োজন গণসচেতনতা। সমাজের সচেতন মানুষরাই পারে একটি সমাজকে সুন্দর করে গড়ে তুলতে। পুলিশ মাদক ও বাল্য বিয়ে মুক্ত করে সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, পুলিশ মেজাজ দেখানোর জন্যে নয়, পুলিশ জনগণের বন্ধু। এ পেশায় জনসেবা করা অনেক সুযোগ রয়েছে। তিনি শ্রীবরদী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলারও আহবান জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন ও শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ হাসান বিন রফিক। ওসি (তদন্ত) আবুল কালাম আজাদের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বীর প্রতীক “বার” কমান্ডার জহুরুল হক মুন্সী, জেলা পরিষদের সদস্য জাফর উল্লাহ, ইউপি চেয়ারম্যান শহাীদুল্লাহ, মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, ব্যবসায়ী সমিতির সভাপতি শোয়েব আলী ও ইমাম শামছুল খান প্রমূখ। সভায় কমিউনিটি পুলিশ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করেন।



















