ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ গত ২ যুগেও বিদ্যুৎ পায়নি বন্যহাতির তান্ডবে বিপর্যস্ত ঝিনাইগাতী উপজেলার পাহাড়ী গ্রামবাসীরা। ১৯৯৬ সালে উপজেলার পাহাড়ী গ্রামগুলোতে শুরু হয় বন্যহাতির তান্ডব। ওইসব পাহাড়ী গ্রামগুলো হচ্ছে হলদিগ্রাম, সন্ধ্যাকুড়া, গোমড়া, রাংটিয়া, নওকুচি, গান্ধিগাঁও, হালচাটি, গজনী, বাকাকুড়া, ছোটগজনী, পানবর, গুরুচরণদুধনই, তাওয়াকুচা। উপর্যপুরি বন্যহাতির তান্ডবে বিপর্যস্ত ওইসব গ্রামবাসীদের পক্ষ থেকে বিদ্যুতের দাবি উঠে সে সময় থেকেই।
স্থানীয় গ্রামবাসীরা জানায়, হাতির তান্ডবে বিপর্যস্ত পাহাড়ী গ্রামগুলো পরিদর্শনে এসে বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিরা বিদ্যুতের আশ্বাসও দেন। কিন্তু দীর্ঘ প্রায় ২ যুগেও ওইসব গ্রামগুলোতে বিদ্যুৎ পৌছেনি। বরং বিদ্যুৎ দেয়ার নাম করে স্থানীয় একটি দালাল চক্র গ্রামবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। গ্রামবাসীরা জানায়, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক এলাকা পরিদর্শনে এসে বিদ্যুৎ বিভাগকে পাহাড়ী গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্যে নির্দেশও দিয়েছেন। কিন্তু বিদ্যুৎ বিভাগ আজও কোন ব্যবস্থা নেয়নি।
উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেস খকসী বলেন, বর্তমানে পাহাড়ী গ্রামগুলোতে বন্যহাতির তান্ডব অব্যাহত রয়েছে। বন্যহাতির তান্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড়ী গ্রামবাসীরা। তিনি বলেন, হাতির তান্ডবে বিপর্যস্ত পাহাড়ী গ্রামগুলোতে জরুরি ভিত্তিতে বিদ্যুতের ব্যবস্থা করা হলে জানমাল ও ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে।























