স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৫ আগস্ট শনিবার দুপুরে শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপি কার্যালয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ও ঢাকা মহানগর উত্তর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সী বজলুল বাসেত আঞ্জু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আসাদুজ্জামান রিপন সুপ্রীম কোর্টের ষোড়শ সংশোধনীর পুর্নাঙ্গ রায়ের পর্যবেক্ষণ মেনে অবিলম্বে শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করেন। তিনি সংসদ, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থাসহ আরও যেসব বিষয়ে রায়ে উল্লেখ করা হয়েছে, সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য দাবি করেন। তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গড়ে তুলি, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে রক্ষা করি। দেশের মানুষের ভাত ও ভোটের অধিকারকে ফিরিয়ে দেই।
বিশেষ অতিথি এমরান সালেহ প্রিন্স বলেন, দলের ভেতর যাতে জঙ্গিবাদের সাথে যারা জড়িত, টাউট-বাটপার, খারাপ লোক প্রবেশ করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। ভালো মানুষ, সমাজে যাদের প্রভাব রয়েছে, যাদেরকে মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে তাদেরকে দলে আনতে হবে।
জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, আমরা দলীয় এ কার্যক্রম বৃহৎ পরিসরে জেলা শিল্পকলা একাডেমীতে করতে চেয়েছিলাম। কিন্তু আমরা বরাদ্দের জন্য ৪ দিন আগে আবেদন দিলেও হ্যাঁ কিংবা না কোনটাই করা হয়নি। গতকাল জেলা বিএনপি অফিসে মাইক বাঁধলেও পুলিশ মাইক বাঁধতে দেয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অফিসের ভেতর কর্মসূচি পালন করতে হবে। না হলে করা যাবে না। নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশের চোখ রাঙানীর মধ্য দিয়েই আমরা সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠান করতে বাধ্য হচ্ছি।
বিএনপি নেতা এমদাদুল হক মাস্টারের সঞ্চালনায় ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল মজিদ বাদল, আব্দুল আওয়াল চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট আব্দুল মান্নান, হাতেম আলী প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে ২শ জন করে এবং পৌর এলাকার প্রত্যেক ওয়ার্ড থেকে ৩শ জন করে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত এ সদস্য সংগ্রহ অভিযানকালে সারাদেশে এক কোটি সদস্য সংগ্রহ করার আশা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।























