স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় ফজলুর রহমান জালু (৪৮) নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রবিবার দুপুরে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মুসলেহ উদ্দিন আসামীর উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। ফজলুর রহমান জালু শেরপুর শহরের দিঘারপাড় মহল্লার মৃত আব্দুস সালামের পুত্র। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দণ্ডিত জালুর দ্বিতীয় স্ত্রী শেফালী খাতুন, বড়ভাই ফরহাদ আলী ও খসরু মিয়াকে বেকসুর খালাস দিয়েছে ট্রাইব্যুনাল।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু মামলার উদ্বৃতি দিয়ে জানান, ২০১৪ সালের ১৭ আগস্ট শেরপুর শহরের দিঘারপাড় মহল্লার নিজ বাড়িতে ২ লাখ টাকার যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রী ২ সন্তানের জননী বিনা বেগম আন্নাকে নির্যাতন করে পাষ- স্বামী ফজলুর রহমান জালু ও তার পরিবারের লোকজন। ওই ঘটনায় ৩১ আগস্ট গৃহবধূ বিনা বেগম আন্না বাদী হয়ে সতীন শেফালী খাতুনসহ পরিবারের ৮ জনকে আসামী করে ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। পরে ৯ অক্টোবর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান তদন্ত শেষে সকলের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। ২০১৫ সালের ৩১ নবেম্বর স্বামী-সতীনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচারিক পর্যায়ে বাদী, তার শিশু সন্তান ও চিকিৎসকসহ ৪ জন সাক্ষীর জবানবন্দি-জেরা গ্রহণ করা হয়।























