মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) ॥ এবার দীর্ঘ ৬ বছর পর শিকলমুক্ত সেই শিশু ঝন্টুর পাশে দাঁড়িয়েছে শেরপুরের নকলা উপজেলা প্রশাসন। ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও রাজীব কুমার সরকারের নেতৃত্বে একটি টিম বিবিরচর ইউপি কমপ্লেক্সের অফিস কক্ষে ঝন্টু ও তার মা জোসনা খাতুনের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেওয়াসহ ঝন্টুর চিকিৎসার খরচ বহন করার প্রতিশ্রুতি দেন। ওইসময় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মজিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান, পিআইও জাহাঙ্গীর আলম, টালকী ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোশারফ হোসেন, স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২ বছর বয়সে বাবা আব্দুস সামাদ মেম্বার মারা গেলে শিশু ঝন্টুকে নিয়ে তার মা জোসনা খাতুনের সংসারে নেমে আসে চরম দারিদ্র্য ও ক্ষুধা। ওইসময় অভাবে তাড়নায় জোসনা খাতুনকে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতে যেতে হতো। ঝন্টুর বয়স সাড়ে ৬ বছরে গড়ালে বেড়ে যায় তার চঞ্চলতা। আর তখন খাবারের আশায় প্রায়ই ঝন্টু পথচারীদের পিছু নিয়ে মাঝে-মধ্যেই এদিক-সেদিক চলে যেতো। ফলে ঝিয়ের কাজ সেরে রাত অবধি খুঁজে ফিরতে হতো ঝন্টুকে। ওই অবস্থায় কিছুটা মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে ঝন্টু। বিড়ম্বনা আর পরিস্থিতি সামাল দিতে ৬ বছর আগে সন্তান ঝন্টুর পায়ে শিকল পরিয়ে দেয় হতভাগ্য মা। ওই অবস্থা চলতে চলতে ঝন্টুর বয়স গড়ায় সাড়ে ১২ বছরে। ততক্ষণে তার মানসিক প্রতিবন্ধিতা বেড়ে যায়। সেইসাথে ওই দীর্ঘ সময় ধরে শিকলে বাধার কারণে ঝন্টুর দু’পায়ের গোড়ালিতে দগদগে ঘা হয়ে যায়। এরপরও তা কারও হৃদয়কেই গলাতে পারেনি। ওই বিষয়ে মঙ্গলবার শ্যামলবাংলা২৪ডটকম-এ একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা দৃষ্টি আকর্ষণ করে মানবাধিকার কমিশনসহ হৃদয়বান অনেকেরই। বুধবার বিকেলে জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া ও সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পালের নেতৃত্বে একটি টিম উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর গ্রামে গিয়ে শিশু ঝন্টুর পাশে দাঁড়ায় এবং দীর্ঘ ৬ বছর পূর্বে শিশু ঝন্টুর দু’পায়ে পরানো শিকল খুলে দিয়ে তাকে মুক্ত করে।
























