স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাঙ্গামাটি যুদ্ধ দিবস আজ ৬ জুলাই। ১৯৭১ সনের এদিনে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিন মুক্তিযোদ্ধাসহ ১২ জন শহীদ হন। শহীদ হন একই পরিবারের তিন মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমূল আহসান, মোফাজ্জল হোসেন ও আলী হোসেন। মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনা ভাস্বর করে রাখার জন্য নতুন সেতুটির নাম ‘শহীদ নাজমুল সেতু’ এবং পুরোনো সেতুটি সংরক্ষণ করার দাবি জানিয়েছেন ‘আমরা ১৮ বছর বয়স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
স্বাধীনতার এত বছর পরও জাতীয়ভাবে তো নয়ই নিজ এলাকাতেও আলাদাভাবে শহীদ নাজমুল, শহীদ আলী হোসেন, শহীদ মোফাজ্জল হোসেন এবং রাঙ্গামাটি গ্রামের মানুষের ত্যাগের কথা খুব একটা স্মরণ করা হয় না। প্রাপ্তি বলতে স্বাধীনতা অর্জনের পর শহীদ নাজমুলের নামে ময়মনসিংহ কৃষি বিদ্যালয়ে একটি হল, নালিতাবাড়ীতে একটি কলেজ প্রতিষ্ঠা হয়েছে। আর চলতি মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে বছর শহীদ নাজমুলকে স্বাধীনতা পদক প্রদান করা হয়েছে। এর মধ্য দিয়ে ‘অপারেশন কাটাখালি’ ও রাঙ্গামাটিয়া যুদ্ধের সরকারি স্বীকৃতি মিলেছে। কিন্তু এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী সেই পুরোনো সেতুটির সংরক্ষণ ও নতুন সেতুটির নাম ‘শহীদ নাজমুল সেতু’ নামকরণ করার।
এলাকাবাসীর পক্ষে এ দাবি আদায়ের জন্য আন্দোলনরত সংগঠন ‘আমরা ১৮ বছর বয়স’ এর শেরপুরের সভাপতি সাইফুল ইসলাম শাহীন ও ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি নুর হোসেন জানান, গত বছর ১০ আগষ্ট সড়ক ও জনপথ বিভাগ মুক্তিযুদ্ধের নিরব স্বাক্ষী কাটখালির পুরণো এ সেতুটি ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছিল। আমরা এলাকাবাসীকে নিয়ে তা বন্ধ করেছি। এখন আমরা চাই পুরো সেতুটির সংরক্ষণ ও নতুন সেতুটির নামকরণ। যাতে এ পথে চলাচলকারি লোকজন বীরযোদ্ধাদের বীরত্বগাঁথা স্মরণ করতে পারে এবং নতুন প্রজন্ম জানতে পারে গৌরবগাঁথা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। তারা জানান, ‘অপারেশন কাটাখালি’ স্মরণে আজ বৃহস্পতিবার বিকেলে কাটাখালি পুরণো সেতুর পতিত সংযোগ সড়কের ধারে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
‘অপারেশন কাটাখালি’ ও রাঙ্গামাটিয়া যুদ্ধে অংশ নেওয়া গুলিবিদ্ধ যোদ্ধাহত মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল যুদ্ধদিনের স্মৃতিচারণ করে জানান, ৫ জুলাই রাতে পরিকল্পনা অনুযায়ী কোম্পানী কমান্ডার নাজমূলের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ডিনামাইট ফিট করে ঝিনাইগাতী-শেরপুর সড়কের কাটাখালী ব্রীজ উড়িয়ে দেয়। সফল অপারেশন শেষ করতে ভোর হয়ে যাওয়ায় পাশ্ববর্তী রাঙ্গামাটি গ্রামে আশ্রয় নেয় মুক্তিযোদ্ধারা। ওই গ্রামের আশ্রয়দাতারা মুক্তিযোদ্ধাদের খাসি জবাই করে খাওয়ার ব্যবস্থাও করছিলো। দিনের আলো ফুটে ওঠায় কোথাও বের হওয়া নিরাপদ মনে না করে পরিশ্রান্ত মুক্তিযোদ্ধারাও সেখানেই ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছিলো। কিন্তু ওই গ্রামের দালাল জালাল মিস্ত্রী পাক বাহিনীর হেড কোয়ার্টার আহাম্মদনগর ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের অবস্থানের খবরটি পৌঁছে দেয়। সংবাদ পেয়ে পাক হানাদার বাহিনী ৬ জুলাই সকালে রাজাকার, আল-বদরদের সাথে নিয়ে রাঙ্গামাটি গ্রাম তিনদিক থেকে ঘিরে ফেলে গুলিবর্ষণ শুরু করে। কোম্পানী কমান্ডার নাজমুল আহসানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি ছুড়ে জবাব দেয়। শুরু হয় স›মূখ যুদ্ধ। পাকি বাহিনী অবিরাম গুলি বর্ষণ শুরু করে। ওই গ্রামের তিনদিক থেকে ঘিরে ফেলায় মুক্তিযোদ্ধাদের যাওয়ার একমাত্র পথ খোলা ছিল রাঙ্গামাটি বিলের দিকে। বিলটিও পানিতে তখন টইটুম্বুর ছিল। এমন অবস্থায় ওই বিলের পানিতে নেমে কভারিং ফায়ার করতে করতে কোম্পানী কমান্ডার নাজমুল আহসান মুক্তিযোদ্ধাদের রাঙ্গামাটি বিলের পানি সাঁতরিয়ে চলে যাবার পথ তৈরী করে দেয়। সকলে চলে যাওয়ার পর হঠাৎ পাকিদের ব্রাশ ফায়ারে কমান্ডার নাজমুলের বুক ঝাঁঝড়া হয়ে যায়। কমান্ডার নাজমুলের লাশ আনতে গিয়ে তাঁর চাচাতো ভাই মোফাজ্জল হোসেন ও আলী হোসেনও শহীদ হন পাকিদের গুলিতে। এদিন শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তে রাঙ্গামাটি বিলের পানি রাঙ্গা হয়ে উঠেছিল।
মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার অপরাধে পাকি বাহিনী রাঙ্গামাটি গ্রামে হানা দিয়ে খুঁজে খুজেঁ বের করে ৬০/৭০ জন গ্রামবাসীকে এক লাইনে দাঁড় করিয়ে ব্রাশ য়ায়ার করে। এতে ঘটনাস্থলেই ৯ জন শহীদ হন। এদের মধ্যে একজন গুলি খেয়েও মৃতের মতো পড়ে থাকেন। মৃত ভেবে পাক বাহিনী তাকে ফেলে চলে যায়। পায়ে বিদ্ধ গুলি নিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সেদিনের বিভিষীকা নিয়ে আজও বেঁচে আছেন রাঙ্গামাটি গ্রামের ইউনুছ আলী। এছাড়া গ্রামের বেশ কয়েকজন নারীর ওপর পাশবিক নির্যাতন চালায় হানাদার বাহিনী। শহীদ পরিবারের সদস্যরা বুকফাটা কষ্ট নিয়ে বেঁচে আছেন। ইতোমধ্যে রাঙ্গামাটিয়া গ্রামের তিন নারীকে সরকার বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে। কিন্তু শহীদ পরিবারগুলোর কোন স্বীকৃতি মেলেনি। গ্রামবাসীদের প্রত্যাশা তাদের স্বীকৃতি ও যুদ্ধাপরাধিদের বিচার ত্বরান্বিত করা হোক। উন্নয়ন হোক গ্রামটির। এলাকাবাসীর এই আশাটুকু শেষ পর্যন্ত পূরণ হবে কি?
























