স্টাফ রিপোর্টার ॥ এবার শেরপুর জেলা সদর হাসপাতালের বেডে পাশবিক নির্যাতনের ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে বলাৎকারের শিকার ৫ বছরের এক শিশু। দু’দিন যাবত সে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায়, জবুথবু হয়ে সে শুয়ে আছে। পাশে বসা স্বজন। ঘটনার পর থেকেই সে ভয়ে আঁতকে উঠছে। অপরিচিত কাউকে দেখলেও একই অবস্থা হয় তার। অন্যদিকে ওই ঘটনায় গ্রেফতার হওয়া লম্পট কিশোর রবিউল ইসলাম রিয়াজকে (১৫) রবিবার আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা তার জামিনের আবেদন নাকচ করে তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন।
জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলাৎকারের শিকার ওই শিশুর অবস্থা সম্পর্কে জানতে চাইলে আরএমও ডাঃ নাহিদ কামাল জানান, বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শে তার পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। তার সুস্থ হতে আরও কিছুটা সময় নিতে পারে।
জানা যায়, শনিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী অবকাশ গাড়ি পার্কিং ব্রিজের পার্শ্বে স্থানীয় হতদরিদ্র আদিবাসী পরিবারের ওই শিশুটি পানিতে খেলা করছিল। ওইসময় শিশুটিকে মজা কিনে দেওয়া ও পাখি শিকারের লোভ দেখিয়ে ফুসলিয়ে গজনী অবকাশ কেন্দ্রের পশ্চিম পার্শ্বে আগর বাগানে নিয়ে যায় পার্শ্ববতী গান্ধীগাঁও গ্রামের বিল্লাল হোসেনের লম্পট ছেলে রিয়াজ। পরে শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে লম্পট রিয়াজ। শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে গেলে তার মা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি মাকে বলাৎকারের বিষয়টি খুলে বলে। পরে অসুস্থ্য অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে রেফার করেন। ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে কিশোর রিয়াজকে গ্রেফতার করে থানা পুলিশ। ওই ঘটনায় রাতে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করে শিশুর বাবা।























