স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ২ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র ব্যবহৃত সরকারি মোবাইল ফোনের সিম ক্লোন করে জনপ্রতিনিধিসহ বিভিন্নজনের কাছে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় রবিবার শেরপুরে ব্যাপক তোলপাড় শুরু হলেও সংশ্লিষ্ট থানায় এখনও কোন জিডি বা অভিযোগ দায়ের হয়নি। তবে ২ ইউএনও’ই তাদের ফেসবুক পেইজে বিষয়টি সম্পর্কে সকলকে সতর্ক করেছেন।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সরকারি মোবাইল ফোন থেকে শনিবার বিকেলে উপজেলার ৫ ইউপি চেয়ারম্যানকে ফোন দিয়ে সরকারি বিভিন্ন কর্মসৃজন প্রকল্পে (টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প) বিশেষ বরাদ্দ দেওয়ার নামে তাদের কাছে চাঁদা দাবি করা হয়। এরপর ওইসব ইউপি চেয়ারম্যানগণ অপর প্রান্ত থেকে আসা কণ্ঠ শুনে সন্দিহান হলে তারা সন্ধ্যার পর সরাসরি ইউএনও’র সাথে যোগাযোগ করেন। ইউএনও’ও বিষয়টি শুনতে পেরে যোগাযোগ করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানসহ অন্যান্যদের সাথে। এরপর নিশ্চিত হওয়া যায় যে ইউএনও’র মোবাইল ফোনের সিমটি ক্লোন করেছে দুর্বৃত্তরা।
রবিবার ওই ঘটনার সত্যতা স্বীকার করে নালিতাবাড়ীর রাজনগর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল বলেন, তার কাছে ইউএনও’র সরকারি মোবাইল ফোন থেকে ফোন দিয়ে বিভিন্ন প্রকল্পের অতিরিক্ত বরাদ্দ পাইয়ে দেয়ার নামে টাকা দাবি করা হয়। কিন্তু কণ্ঠটি ইউএনও’র কণ্ঠ মনে না হওয়ায় আমি সতর্ক হয়ে যাই। এরপর শুনি আমাদের আরও কয়েকজন চেয়ারম্যানের কাছে একইভাবে চাঁদা দাবি করা হয়েছে।
একই অবস্থার শিকার হয়েছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শরীফ হোসেন। শনিবার তার সরকারি মোবাইল ফোনটিও দ্বিতীয় দফায় ক্লোন করে দুর্বৃত্তরা। এরপর সন্ধ্যার দিকে কয়েকজন জনপ্রতিনিধি তাদের কাছে কৌশলে চাঁদা দাবি করায় তাকে ওই বিষয়টি জানালে তিনি সিম ক্লোনের বিষয়টি নিশ্চিত হন। রবিবার তিনি জানান, গতবছরের ডিসেম্বর মাসেও তার সরকারি মোবাইল ফোনের সিম ক্লোন করা হয়েছিল। এরপর র্যাব অভিযান চালিয়ে দুর্বৃত্ত চক্রের একাধিক সদস্যকে পাকড়াও করেছিল। দ্বিতীয় দফায় সিম ক্লোনের ঘটনাটি ওই চক্র বা অন্য কোন চক্র ঘটিয়ে থাকতে পারে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের ঘটনায় কোন জিডি করিনি। তবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের জানানো হয়েছে। বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হয়ে পড়ায় রবিবার ওই নম্বর থেকে কোথাও ফোন দিয়ে চাঁদা দাবি বা বিব্রত করার অভিযোগ শোনা যায়নি।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে অভিযোগ না পেলেও শুনেছি। এটা নিঃসন্দেহে কোন দুর্বৃত্ত চক্রের কাজ। কাজেই বিষয়টি খতিয়ে দেখে যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, একটি সিম যেটি আপনি ব্যবহার করছেন সেই সিম যদি অন্য কেউ ব্যবহার করে কিংবা যদি দেখেন এক নম্বর এক সঙ্গে দুজন ব্যবহার করছে কিংবা হঠাৎ করে যদি দেখেন কোনো কারণ ছাড়াই আপনার মুঠোফোন নম্বর থেকে ব্যালান্স কমে যাচ্ছে তবে বুঝবেন আপনি সিম ক্লোনের শিকার।



















