স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনেও শেরপুর-১ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হুইপ আতিউর রহমান আতিক এমপিকে প্রার্থী করতে তার প্রতি সমর্থন ব্যক্ত করলেন শহর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ১৬ জুন শুক্রবার বিকেলে শহর আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে হুইপ আতিউর রহমান আতিক ওই নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে ব্যক্ত করে সকলের সমর্থন আছে কিনা তা জিজ্ঞাসা করলে তারা সকলেই সমস্বরে হাত তুলে ওই সমর্থন ব্যক্ত করেন। ওইসময় তিনি বলেন, নৌকা কেবল আওয়ামী লীগের প্রতীক নয়, তা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক। এ প্রতীক নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার যোগ্য নেতৃত্বে দেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। কাজেই উন্নয়নের সে ধারা অব্যাহত রাখতে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে আমাদের নিজেদের সকল ভেদাভেদ ভুলে আদর্শের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপির সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা, সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর হুইপ আতিক সকলকে নিয়ে ইফতা মাহফিলে অংশ নেন।























