মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন আব্দুল হালিম সিদ্দিকী, গনপদ্দী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামছুর রহমান আবুল, গৌড়দ্বার ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন খাঁন মুকুল, বানেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত। ওই সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোঃ মজিবুর রহমান, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, সৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনিমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তাদের মধ্যে সারোয়ার আলম বলেন, নাড়ীর টানে বাড়ি ফেরা সাধারণ কর্মজীবী মানুষরা যেন শান্তিতে ঈদ করে পুনরায় তাদের কর্মস্থলে ফিরে যেতে পারে সেদিকে কড়া নজর রাখতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের অনুরোধ জানান। তিনি আরও বলেন, নকলায় প্রায় প্রতিটি রাস্তার পাশে অল্প পুঁজি ওয়ালারা চা-পানের দোকান, ফলের দোকান, ইফতার বিক্রির দোকান সহ বিভিন্ন দোকানপাঠ গড়ে তুলেছেন। গরিব ও অসহায়ের দাবিতে আপাতত ঈদের আগে যেন ওইসব দোকানপাঠ উচ্ছেদ করা না হয় তার জন্য সকলকে অনুরোধ জানান।























