স্টাফ রিপোর্র্টার ॥ শেরপুরে জেলা পর্যায়ে মামলাজট নিরসনে লিগ্যাল এইডের আওতায় বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের মানোন্নয়নে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন শনিবার দুপুর থেকে সন্ধ্যাব্যাপী জেলা জজ আদালতের সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার। ওইসময় তিনি বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্র ও সুফল তুলে ধরে এর সাথে সম্পৃক্ত সকলের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার বাদল চন্দ্র মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, প্যানেল আইনজীবী এডভোকেট আনিসুজ্জামান, এডভোকেট হরিদাস সাহা প্রমুখ। জেলা লিগ্যাল এইডের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রধান, প্যানেল আইনজীবী ও ইউপি চেয়ারম্যানসহ ৩০ জন প্রতিনিধি অংশ নেন।























