নিরক্ষর মানেই মূর্খ নয় আবার স্বাক্ষর মানেই শিক্ষিত নয়। পৃথিবীর অনেক অক্ষরজ্ঞানহীন মানুষ এই পৃথিবীতে আজও অমর হয়ে আছেন জ্ঞানে, গরিমায়, আদর্শে, চরিত্রে, বিশ্বাসে। পাশাপাশি আবার অনেক অক্ষরজ্ঞানওয়ালা চলে গেছেন অন্ধকারে।
পৃথিবীর পরিবর্তনের জন্যে অস্ত্র নয় আদর্শ প্রয়োজন। আর এই আদর্শ যাঁর থাকে সেই সব বদলে দিতে সক্ষম। আসলেই শিক্ষিত অশিক্ষিত বড় কথা নয় আদর্শই সব। মাত্র একজন আদর্শিক মানুষ পৃথিবীর সব পাল্টে দিতে পারেন।
আরবের শত শত বছরের আইয়ামে জাহেলিয়ার যিনি অবসান ঘটান ইতিহাস সাক্ষী তিনি নিরক্ষর ছিলেন। আমরা জানি ছেলে বেলায় তিনি এতিম ছিলেন, শৈশবে রাখাল ছিলেন, যৌবনে বিশ্বাসী ছিলেন।
একজন বিশ্বাসী যুবক অন্ধকার যুগের মানুষের কাছে আল-আমিন হলেন। ৫৭০ থেকে ৬১০ সাল পর্যন্ত বিশ্বাসের আদর্শে আদর্শিক মানুষ মুহম্মদ, আল-আমিন থেকে ৪০ বছর বয়সে নবী হলেন। মহানবী হজরত মুহম্মদ (সাঃ)।
ঐতিহাসিক হিলফুল ফজুল। সেই ‘হিলফুল ফজুল’ ফুল থেকেই সুন্দর ফল – মানুষ মুহম্মদ (সাঃ)।
তিনি পৃথিবীতে এসেছেন তখন যখন মানুষ পাপ-পঙ্কিলতায় জর্জরিত। তিনি এলেন জয় করলেন। তাঁর আগমনে পৃথিবী বদলে গেলো। সত্যি পৃথিবী, তোমার বদলের জন্য দলে দলে দল দরকার নেই, মনের মানুষ একজনই যথেষ্ট। মাত্র আদর্শিক একজন সাহসীই যথেষ্ট তোমাকে বদলে দিতে।
পৃথিবী তোমার বদল হবেই!
হিলফুল ফজুল। হিলফ উল ফুজুল বা হলফ-উল-ফুযুল এক শান্তিসংঘ বিশেষ। এই শব্দটির অর্থ হল কল্যাণের শপথ, হলফ অর্থ শপথ ও ফুযুল বা ফযিলত মানে মঙ্গল। আরবের পীড়িতদের সাহায্যদান, দুঃস্থদের আশ্রয়দান আর অসহায়দের সহায়তা করার ব্রত নিয়ে যুবক মুহম্মদ (সাঃ) ইসলামের পূর্বযুগে পবিত্র মক্কা শহরে এই সংগঠন গড়ে তোলেন। মক্কার শান্তি ও কাবাঘরের কালাপাথর প্রতিষ্ঠায় তরুণ আল-আমিনের নেতৃত্বে হিলফুল ফজুলের উজ্জ্বল ভূমিকা ইতিহাসে আজও স্বীকৃত।
ইতিহাস। রাসূল (সাঃ) এর বয়স যখন প্রায় ১৪ বছরে তখন হঠাৎ মক্কার কুরাইশ ও কায়েস গোত্রের মধ্যে লড়াই বেঁধে গেলো। এই দুই বংশের মধ্যে সামান্যকে নিয়ে প্রায়ই এমন হতো। আর লড়াই একবার শুরু হলে তার জের চলতো বহুদিন ধরে। যাই হোক এইবার কিশোর মুহম্মদও চাচা আবু তালিবের সাথে এই লড়াইয়ে শরীক হলেন। কিশোর নবী হলেন কিশোর সেনা। ৪ দিনের হানাহানির লড়াই শেষে কুরাইশরা বিজয় লাভ করে। এই যুদ্ধকে বলা হয় ‘ফেজারের শেষ যুদ্ধ’।
এই ফেজারের তৃতীয় যুদ্ধ শেষ হলে মক্কার সব গোত্রপ্রধান মিলে এক শান্তিসভা করেন এবং তাতে তরুণ আল-আমিনের নেতৃত্বে যুবকদের অংশগ্রহণও ছিলো স্বতস্ফুর্ত। এই শান্তিসভায় এক অঙ্গীকারপত্র স্বাক্ষরিত হয়। ফজল বিন ওয়াদা, ফজল বিন ফুজালা, ফজল ফুজাইল বিন হারেছ নামীয় তিনজন গোত্রপ্রধান এই শান্তিপত্রে স্বাক্ষর হয়ে মক্কায় শান্তি প্রতিষ্ঠিত হয়। আর পরবর্তীতে এই কল্যাণ চুক্তির অনুকরণে কিশোর মুহম্মদ (সাঃ) মক্কার কিশোরদের এক করে গড়ে তুলেন পৃথিবীর প্রথম স্বেচ্ছাসেবি সংগঠন-হিলফুল ফজুল।
ইবনে সা’আদের এক বর্ণনায় রয়েছে, রাসূল (সাঃ) বলেন, “হিলফুল ফুজুলের ন্যায় কল্যাণমূলক সংগঠনের জন্য কেউ যদি আজও ডাক দেয়, তবে আমি হৃষ্টচিত্তে তাতে যোগ দেবো”।
মহাকালের মহাপুরুষ, মহামানব মুহম্মদ (সাঃ) বিশ্বমানবের কল্যাণ কামনাকারী। তাই তিনি শুধুমাত্র কোনো গোত্রের বা বংশের নন। তিনি সবার, সবার তরেই তাঁর আদর্শ কল্যাণকর। আর তাই তাঁর আদর্শের হাদিস শুধু পড়ার বিষয় নয়, পালনের বিষয়। নিশ্চয়ই আমাদের পড়া আর পালনের মধ্যে বিরাট ফারাক আছে, নইলে এত ফ্যাসাদ এত অশান্তির কোনো কারণ নাই।
খুব জানতে ইচ্ছে করে মহানবী হযরত মুহম্মদ (সাঃ), তুমি কী বলেছো, কী করেছো আর কী চেয়েছো ?
জীবন থেকে জানা। হযরত মুহম্মদ (সাঃ) ছোট ছোট ছেলে-মেয়েদের খুব ভালোবাসতেন, আদর করতেন এবং তাদের সাথে মধুর করে কথা বলতেন। একবার নামাজে সিজদা দেবার সময় শিশু হুসাইন তাঁর (সাঃ) ঘাড়ে চড়েছিলেন এবং অনেকক্ষণ বসেছিলেন। তাতে মহানবী (সাঃ) সামান্যতমও বিরক্ত হননি বরং ঘাড় থেকে হুসাইন না নামা পর্যন্ত তিনি সিজদা থেকে মাথা পর্যন্ত তুলেননি ।
আর ইদানিং আমরা কী করি ?
প্রতি শুক্রবারে জুমার নামাজে প্রত্যেক মসজিদে শিশুদের বেশ ভীড় হয়। নামাজের আগে পরে শিশুরা যা করার তাই তাই করে। এতে আমরা অনেকেই বিরক্তবোধ করে তাদের ধমক দেই বাইরে যেতে বলি। মাঝে মাঝে মনে হয়, মহানবী (সাঃ)কে আমরা কীভাবে পাঠ করি আর নিজেরা কী কী করি ?
মহানবী হযরত মুহম্মদ (সাঃ) খুব আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ ছিলেন। তিনি ভিক্ষাবৃত্তিকে খুব ঘৃণা করতেন। একদিন এক ভিক্ষুক তাঁর কাছে ভিক্ষা চাইলে তিনি তাকে ভিক্ষা না দিয়ে একটি কুড়াল দিয়ে পরামর্শ দিলেন, যাও, বন থেকে কাঠ কাট বাজারে বিক্রি করে জীবন যাপন কর। ধমক দেন নাই, দূর দূর করে তাড়িয়ে দেন নাই। শুধুমাত্র রহমতের পথ দেখিয়েছেন। কিন্তু কখনো কখনো আমরা তাদের সাথে কেমন রূঢ় আচরণ করি বা করে ফেলি?
সারা দেশে ভিক্ষুক জরিপ চলছে। শুনে খুশি হলাম যে, সরকার এদের স্বাধীন করার কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এদের স্বাবলম্বন কর্মসূচির সাফল্য কামনা করি। কারণ মহানবী হযরত মুহম্মদ (সাঃ) স্বয়ং তাই করেছেন। সরকারের এই কর্মসূচি সারাদেশে সফল হলে, এ এক বিরাট সুন্নত জাতীয়ভাবে পালিত হবে বলে আমার বিশ্বাস।
হযরত মুহম্মদ (সাঃ) কারও দান গ্রহণ করতেন না কিন্তু কারো উপহার ফেরত দিতেন না। ‘মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের ভাই, মানুষ পরস্পর সমান’ এই নীতিকথাগুলো তিনি কেবল মুখেই প্রচার করেননি, করেও প্রমাণ দিয়েছেন। তিনি দাস-দাসীর সেবা যেমন নিতেন তেমনি তাদের ভালোও বাসতেন। তাঁর বাড়ীতে কোনোদিন দাস-দাসীদের জন্য স্বতন্ত্র রান্নাবান্না হতো না। সকলেই একই রকম খাবার গ্রহণ করতেন। হযরত বেলাল একজন দাস ছিলেন কিন্তু তাঁকে তিনি সম্মানজনক কাজ আযান দেবার জন্য নিয়োগ দিয়েছিলেন। এমনকি একজন দাসের সাথে আপন ফুফাতো বোনের বিয়েও দিয়েছিলেন।
হায় মহানবী (সাঃ), তুমি যা যা বলেছো তাই তাই আমরাও বলি কিন্তু তোমার মত করে শুধু করি না।
বাল্যকাল থেকেই মহানবী হযরত মুহম্মদ (সাঃ) চিন্তাশীল ছিলেন। তিনি যখনই সময় পেতেন তখনই নির্জনে বসে ভাবতেন। তিনি প্রায়ই মক্কার কাছাকাছি হেরা পর্বতের গুহায় বসে ধ্যান করতেন। চল্লিশ বছর বয়সে নবীত্বপ্রাপ্ত হলেন আর ঘোষণা করলেন, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই ।
‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহম্মাদুর রাসুলাল্লাহ’ মহানবী (সাঃ) এই মহাসত্য যখন প্রচার করেন তখন সর্ব প্রথম এই সত্যে আস্থা রাখেন এবং কবুল করেন মহামাতা বিবি খাদিজা (রাঃ)। তিনি শুধুমাত্র নারীদের মধ্যে নন, তিনিই পৃথিবীর প্রথম মানুষ যিনি প্রথম ইসলাম গ্রহণ করেন। মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর কাছে সর্ব প্রথম ইসলাম গ্রহণকারী একজন নারী। তাই ইসলামে নারীর মর্যাদা অত্যধিক। ইসলামের পড়তে পড়তে নারীর মর্যাদা পাঠ করি কিন্তু আমরা পালন করি কিনা তা জানি না।
মহানবী হযরত মুহম্মদ (সাঃ) আরও বলেছেন, ইসলাম ছাড়া ধর্ম নাই, মূর্তিপূজা মহাপাপ। মুর্তি কী? মূর্তি মানে অবয়ব, আকৃতি, আকার। কোনো কিছুর আকৃতিকেই তার রূপ বা মূর্তি বলে। মূর্তি অনেক প্রকার। প্রধানত দুই প্রকার। যেমন- জৈব মূর্তি আর অজৈব বা জড় মূর্তি। মানুষ, অন্যান্য প্রাণী জৈব বা জীবন্ত মূর্তি, আর পাথর, মাটি দিয়ে বানানো বিভিন্ন রকম পুতুল, জড় মূর্তি। আমাদের চারপাশে চলমান জীবন্তমূর্তি বিরাজমান। কোনো মুর্তিই সমস্যা নয়। সমস্যা তখন হয় যখন কোনো মূর্তিকে শুধুমাত্র পূজা করা হয়, সৃষ্টিকারী মানা হয়। কারণ মানুষমুর্তি বা অমানুষমূর্তি কোনো মূর্তিই উপাস্য নয়, ইলাহ নয়।
পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা মানুষকে পূজা করেন, তাদের বেলা ? তাই বলে কি, পৃথিবীকে মানুষহীন করা যাবে ? বলা যাবে, কেউ কেউ মানুষ পূজা করে তাই মানুষ থাকা যাবে না ? যে মূর্তি পূজ্য বা আরাধনা হয় না তা কোনোদিনও শিরক নয়, তা মাত্র খেলনা বা সৌন্দর্য বা স্মারক ছাড়া আর কিছু নয়।
আর যার যেকোনো মূর্তি বা পুতুল দেখলেই শিরক হয়ে যায় তার ঈমানে দুর্বলতা আছে বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে যা ফ্যাসাদ সৃষ্টি করে। প্রশ্ন, ঈমানদারের ঈমান এত দুর্বল হবে কেন ?
মহান আল্লাহ তা-আলা ফ্যাসাদ সৃষ্টিকারীদের কাছ থেকে দূরে থাকতে বলেছেন ।
যাই হোক, আমাদের দেশে বিচার বিভাগের চত্বরে এক নিষ্প্রাণ চেতনাহীন নারী মূর্তি আইনের প্রতীকি স্মারক হিসেবে স্থাপন করা হয়েছিলো সুপ্রীম কোর্টের চত্বরে। আর এই নিয়ে আমাদের জাতীয় মাথা যেন একেবারে খারাপ, মহাখারাপ। কৌতুহল থেকে একে-ওকে জিজ্ঞেস করেও কিছু জানার উপায় নেই। সবাই শুধু বলে গ্রীক দেবী আমাদের দেশে কেন ? তাইতো, তেত্রিশ কোটি দেব-দেবীর দেশে আবার গ্রীক দেবী কেন ? দেশি দেবী ভাত পায় না আবার নতুন দেবীর আমদানি ?
ফ্যাত্না। নইলে ফ্যাত্নার সৃষ্টি হবে কি করে ? তবে ফ্যাত্নাবাজরা কী করে খাবে ?
ভাস্কর্যটির স্থপতি শিল্পী মৃনাল হক বলেছেন, ‘এটা আসলে কোন গ্রীক দেবী নয়, ন্যায় বিচারের প্রতীক৷ এটা উচ্চ আদালতের প্রধান বিচারপতিই ঠিক করে দিয়েছেন৷ তিনি শিল্পী বা কারিগর হিসেবে তৈরি করে দিয়েছেন মাত্র৷ গ্রীক দেবীরা কি শাড়ি পড়ে? তাদের মাথার চুল কি লম্বা থাকে? কোনটিই নয়৷ এটি একজন বাঙালি নারীর দৃশ্য৷’
তিনি আরও বলেন, ‘ওই নারীর এক হাতে দাঁড়িপাল্লা, আরেক হাতে তলোয়ার এবং চোখ বাঁধা, যা ন্যায় বিচারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়৷ যারা এটাকে গ্রীক দেবী বলছেন তারা ঠিক বলছেন না৷ এটা রিয়েলস্টিক ফর্মে করা হয়েছে’।
যাই হোক, ইতোমধ্যে এই নিয়ে দেশ আজ প্রায় দুই ভাগ, ঈমানের পক্ষে আর বিপক্ষে। তর্কে-কুতর্কে পবিত্র রমজানে বেশ জমে উঠেছে সর্বত্র। হাটে, মাঠে, মসজিদ-মাদ্রাসায়, সংসদে টেলিভিশনে দারুণভাবে ! ক্রিয়ায়-প্রতিক্রিয়ায়, উত্তেজনায় ইতোমধ্যে কবি সুফিয়া কামালের বেটি সুলতানা কামাল আক্রান্ত । এইবারের ফ্যাত্নার শিকার এই মহিয়সী নারী। এই নিয়ে হেফাজতের হুজুরের সাথে তাঁর অনেক যুক্তিতর্ক হয়েছে, হুজুরগণও অনেক যুক্তি দিয়েছেন খুব ভালো লেগেছে। চেয়েছিলাম এরকম আরও যুক্তির তর্ক ব্যাখ্যা-বিশ্লেষণ চলুক। সত্য ও সঠিক যুক্তির প্রেষণেই প্রকাশ পায়। কিন্তু সমস্যা হলো দর্শন বলে, ‘যুক্তি যার শেষ হয় শক্তি তার শুরু হয়’। তখন যুক্তির সত্যি না খুজে শক্তির ব্যবহার শুরু হয় ।
এখানেও কি তাই ?
সেদিন সবার বক্তব্যই শুনেছি। সুন্দর সুন্দর কথা তাঁদের কাছে শুনে শিখে খুশি হয়েছি। তাঁদের সবার প্রতি শ্রদ্ধা। কিন্তু সুলতানা কামালসহ ওনারা কী কী আলোচনা করলেন আর বাইরে কীভাবে উগ্র করে প্রচার হলো ? উত্তেজিত হলো, এখনও হচ্ছে। এর কি সংজ্ঞা নাই ? এসব কি ফ্যাত্না না ?
লেখক : অধ্যক্ষ, নবারুণ পাবলিক স্কুল, শেরপুর।

























