স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নাগরিক সংগঠন জনউদ্যোগের ষান্মাসিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন গরুহাটি এলাকায় ওই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব হাকিম বাবুলের সঞ্চালনায় সভায় মে/১৭ মাসে ঢাকায় আইইডি মিলনায়তনে অনুষ্ঠিত ষান্মাসিক কর্মপরিকল্পনা ও পূণর্মুল্যায়ন সভা এবং ‘পিস এন্ড কনফ্লিক্ট রেজুলেশন’ বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহনের অভিজ্ঞতা বিনিময় করা হয়।
ওইসময় জানানো হয়, দেশের বিভিন্ন এলাকায় জনউদ্যোগ কার্যক্রম সাফল্যজনকভাবে এগিয়ে চলায় আইইডি’র পক্ষ থেকে সকল জনউদ্যোগ সদস্যদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। একইসাথে জনউদ্যোগ কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন উদ্ভাবনী ও সৃজনশীল কর্মসূচী গ্রহণ, কর্মসূচীগুলোতে নাগরিক সমাজ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো অধিক অংশগ্রহণ নিশ্চিতকরণ, স্থানীয়ভাবে তহবিল সংগ্রহ করে কার্যক্রম পরিচালনার বিষয়ে জোর দেওয়া হয়। নারী, আদিবাসী ও পরিবেশ ইস্যুর পাশাপাশি স্থানীয় ও জাতীয়ভিত্তিক ইস্যু নিয়ে অ্যাডভোকেসি, লবিং ও ক্যাম্পেইন বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। আইইডি’র পরিকল্পনা সভার উদ্ধৃতি দিয়ে সদস্য সচিব হাকিম বাবুল এ সভায় জানান, শেরপুর জনউদ্যোগকে একটি ‘ভাইব্রেন্ট’ (গতিশীল) জনউদ্যোগ প্লাটফরম হিসেবে অভিহিত করা হয়েছে । তিনি আগামী ৬ মাসে অর্থাৎ জুলাই-ডিসেম্বর/১৭ পর্যন্ত কি ধরনের কর্মসূচী গ্রহণ এবং বাস্তবায়ন কৌশল নির্ধারন করা যায় সেজন্য সভায় উপস্থিত সকলের মতামত আহ্বান করে মুক্ত আলোচনা করার অনুরোধ জানান।
পরে উন্মুক্ত আলোচনায় কার্টুনিস্ট সাইফুল ইসলাম শাহীন আগামী ষান্মাসিক পরিকল্পনায় শেরপুর শহরে যানজট, ফুটপাত দখল, ইজিবাইক ও অটোরিক্স্রা চলাচলে শৃঙ্খলা আনয়ন এবং শহরের ময়লা-আবর্জনা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে কর্মসূচী গ্রহণের প্রয়োজনীতার কথা জানান। মানবাধিকার কর্মী শামীম হোসেন বলেন, শেরপুর পৌরসভা ইতোমধ্যে হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক বৃদ্ধি করে জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দিয়েছেন। আবার জুলাই/১৭ মাস হতে পানির নতুন বর্ধিত দাম কার্যকর করা হবে বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে জনউদ্যোগের কর্মসূচী গ্রহণ করে পৌর কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে নাগরিকদের অধিকার সুরক্ষায় ভুমিকা রাখা যেতে পারে। মহিলা পরিষদ নেত্রী আঞ্জুমান আরা যুথী বলেন, এক পুলিশ অফিসার স্বামী যৌতুকের দাবি না মানায় স্ত্রীকে ব্যাপকভাবে শারিরীক ও মানষিক নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কলেজ পড়ুয়া ওইগৃহবধু বর্তমানে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতোমধ্যে নির্যাতিতার মা বাদী হয়ে শ্রীবরদী থানায় নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়টি নিয়ে সুষ্টু বিচারের দাবিতে কর্মসূচী গ্রহণ করা যেতে পারে। জনউদ্যোগ ফেলো হাকিম বাবুল আদিবাসী ইস্যুতে বিতর্ক প্রতিযোগিতা, আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষার অধিকার নিয়ে সেমিনার করা যেতে পারে। নারী ইস্যুতে কিশোর-কিশোরীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য ও নারী অধিকার সুরক্ষা আইন বিষয়ক সচেতনতামুলক সমাবেশ এবং পরিবেশ ইস্যুতে শেরপুর জেলায় সরকারি খাল-বিল-জলাশয় দখলের প্রতিবাদে, নদী বাঁচানো ও নিরাপদ পানির দাবীতে কর্মসূচী নেওয়া যেতে পারে। তিনি এসব কর্মসূচী বাস্তবায়নে বিভিন্ন সংস্থা/সংগঠন ও সমমনা সম্পন্ন ব্যক্তিবর্গের সাথে অংশীদারিত্বমুলক বাস্তবায়ন কৌশল নেওয়া যেতে পারে। শিক্ষক এসএম আবু হান্নান পরিবেশ সংরক্ষণে দেশীয় ও আমাদের আবহাওয়ার উপযোগী প্রজাতির বৃক্ষরোপণ আন্দোলন জোরদার করতে কর্মসূচী নেওয়ার কথা বলেন। এছাড়া সভায় উপস্থিত সদস্যবৃন্দ পরিবেশ, ধর্মীয় সংখ্যালঘু-আদিবাসী ও নারী ইস্যুতে জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটি ও আইইডি’র প্রদত্ত আগামী ষান্মাসিক পরিকল্পনার সাথে সমন্বয় করে কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় ও জাতীয় ইস্যূতে স্থানীয়ভাবে তহবিল সংগ্রহ করে বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে মতামত পেশ করেন।
সভায় আলাপ-আলোচনার পর সভার সভাপতি জনউদ্যোগ শেরপুর আহ্বায়ক জনাব মো. আবুল, কালাম আজাদ বলেন, এসআই’র স্ত্রীকে নির্যাতনের বিষয়টি নিয়ে কর্মসূচী বাস্তবায়ন করা যায়। যদি মামলার কোন পর্যায়ে বিষয়টি ধামাচাপার চেষ্টা চলে, তাহলে তাৎক্ষণিক প্রতিবাদ কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হলো। তাছাড়া আলোচ্য স্থানীয় ইস্যুগুলো নিয়েও সুবিধাজনক সময়ে কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, পরিবেশ, ধর্মীয় সংখ্যালঘু-আদিবাসী ও নারী ইস্যুতে জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটি ও আইইডি’র প্রদত্ত আগামী ষান্মাসিক পরিকল্পনার সাথে সমন্বয় করে কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্তের কথা জানান।
পরে উপস্থিত সকলকে তিনি গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান ও ইফতার মাহফিলে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।























