স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিড়ি শিল্প রক্ষায় অযৌক্তিক বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন করেছে জেলা বিড়ি শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার সকালে শহরের নারায়ণপুর রশিদা বিড়ি ফ্যাক্টরি চত্ত্বর থেকে প্রায় ৫ হাজার শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। ওইসময় বক্তব্য রাখেন সংযুক্ত বিড়ি শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ঠান্ডা, শ্রমিক নেতা তাজুল ইসলাম তাজ, তালাত মাহমুদ প্রমুখ। পরে বিড়ি শ্রমিক নেতৃবৃন্দ শতভাগ দেশীয় প্রযুক্তি নির্ভর বিড়ি শিল্প এবং শ্রমিকদের রক্ষায় বিড়ির ওপর হতে বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের কাছে প্রদান করেন। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন।
লিখিত স্মারকলিপিতে দাবি করা হয়, ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সরকারের সদয় সহানুভূতির কারণে বিড়ি শিল্পের ওপর কর স্থিতিশীল থাকলেও বর্তমানে তা অসহনীয় ও অযৌক্তিক পর্যায়ে বৃদ্ধি পাচ্ছে। এতে করে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা, বেকার হয়ে পড়ছে শ্রমিকরা। তাই দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা।























