ads

সোমবার , ১৫ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল

খবর টি পড়েছেন : ১৫৪
সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। সাঈদীর ফাঁসি চেয়ে রাষ্ট্রপক্ষ এবং সাজা থেকে খালাস চেয়ে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর সোমবার দ্বিতীয় দিনের শুনানি শেষে দুই আবেদন খারিজ করে ওই রায় দেন আপিল বিভাগ। সকাল সোয়া ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্য বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানি শেষে ১১টা ৫ মিনিটে রায় দেন আপিল বিভাগ।
বেঞ্চের অপর সদস্যরা হলেন, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসাইন হায়দার।
এর আগে রোববার দুপুর ১২টা থেকে ১টা ৫ মিনিট পর্যন্ত দু’পক্ষের বক্তব্য শোনেন আদালত। পরে সোমবার পর্যন্ত শুনানি মুলতবী করেন আদালত। সাঈদীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন এসএম শাহজাহান ও তানভীর আল আমিন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রিভিউ শুনানির প্রথম দিনে অ্যাটর্নি জেনারেল দাঁড়াতে চাইলে প্রধান বিচারপতি বলেন, ‘আপনি কেন? আপনি তো রিভিউয়ে ফাঁসি চাইছেন তাই না? আর মাহবুব হোসেন তো রিভিউয়ে খালাস চেয়েছেন। তাই এটাই তো আগে শুনানির বিষয়।’
এরপর খন্দকার মাহবুব হোসেন আপিল বিভাগের রায়ের কপি পড়ে শোনান। সাঈদীর খালাসের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুরে ছিলেন না। তিনি পরিবার নিয়ে যশোরে ছিলেন। সেখানে মসজিদের পাশে একটি বাসা ভাড়া নিয়ে তিনি পরিবারসহ থাকতেন। তিনি একজন প্রফেশনাল বক্তা। ওয়াজ-মাহফিল করে তিনি জীবন ধারণ করতেন। এটাই তার পেশা।’
ওই সময় প্রধান বিচারপতি বলেন, ‘ওই সময় তো বর্ষাকাল ছিল, মে মাস। বর্ষাকালে তিনি কীভাবে ওয়াজ করতেন? মার্চ-এপ্রিল-মে এই তিন মাস ওয়াজ হয় কি-না?’ তখন খন্দকার মাহবুব বলেন, ‘সাঈদী প্রফেশনাল বক্তা। তিনি সারা বছরই ওয়াজ করতেন। এটা করেই তিনি সংসার চালাতেন।’
প্রধান বিচারপতি বলেন, ‘ওই সময় সাঈদীর নাম আমরা শুনিনি। ৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত ওই রকম কোনো ওয়াজ-মাহফিল হয়নি। ৮৩-৮৪ সালের পর গ্রামে-গঞ্জে ওয়াজ-মাহফিল প্রকাশ্যে শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ”আমরা আপিল বিভাগ সব আসামির ফাঁসির (মৃত্যুদণ্ড) রায় বহাল রাখিনি। আর যাবজ্জীবন মানে আজীবন কারাবাস। তবে আইসিটি অ্যাক্টে যেভাবে যাবজ্জীবনের কথা বলা হয়েছে, সেটা পড়ে সিদ্ধান্ত দেব।’
এরপর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি শুরু করেন। শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘আমার জানামতে বর্তমানে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির দায়িত্বে যারা আছেন, তাদের অনেকেই পাকিস্তানে ছিলেন, পাকিস্তান সেনাবাহিনীর সমর্থক ছিলেন, তাদের অনেকেই বর্তমানে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।’
শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘আদালতে কোনো ‘রিভিউ হলেই যে তা খারিজ হয়ে যাবে এমনটি নয়। আমরা চাই বিচার বিভাগটা যেন প্রহসনের জায়গা না হোক।’
অ্যাটর্নি জেনারেল আসামি সাঈদীকে কসাই উল্লেখ করে বলেন, ‘এখানে বলা হয়েছে সাঈদী এভেটর। সে তো এভেটর (ইন্ধনদাতা) নয়, ওই সময় যেভাবে লোক মারা হয়েছে, তাতে সে হুকুমের আসামি, কসাই।’
এ পর্যায়ে প্রধান বিচারপতি কসাই না বলার অনুরোধ জানিয়ে বলেন, ‘সাক্ষ্যপ্রমাণসহ সামগ্রিক দিক বিবেচনা করে আমরা তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছি। আপিল বিভাগ যখন একবার কাউকে সাজা দেয়, রিভিউতে সেটা পরিবর্তন খুবই কম।’
গত ৪ এপ্রিল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ মামলাটি শুনানির জন্য রোববার ধার্য করে আদেশ দিয়েছিলো। সে অনুযায়ি রোববার শুনানি শুরু হয়ে সোমবার বিষয়টি নিষ্পত্তি হয়।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তকরণসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন। ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর খালাস চেয়ে আসামি পক্ষ এবং সাজা বহাল চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন।
রায়ে একাত্তরে নারী নির্যাতনকারী, ধর্ষক ও ধর্মান্তকারী হিসেবে সাঈদীকে দোষী সাব্যস্ত করেন সর্বোচ্চ আদালত। আপিলের রায়ে হত্যা, নিপীড়ন, অপহরণ, নির্যাতন, ধর্ষণ ও ধর্মান্তরে বাধ্য করার তিন অভিযোগে সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ৮ নম্বর অভিযোগের একাংশের জন্য সাঈদীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৭ নম্বর অভিযোগে ১০ বছর কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ। তবে সর্বোচ্চ আদালতে সাঈদীর মৃত্যুদণ্ড বহাল না থাকায় অসন্তোষ প্রকাশ করে মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ২০১৬ সালের ১২ জানুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর পাঁচ দিন পর খালাস চেয়ে সাঈদীর পক্ষে রিভিউ আবেদন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিশ্ব মা দিবস পালিত পরবর্তী সংবাদ ভারত থেকে অপহৃত তরুণ ঝিনাইগাতীতে উদ্ধার ॥ অপহরণকারী…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads