স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের ‘জাতীয় সংসদে এমপি’দের মধ্যে ব্যবসায়ীর সংখ্যাই বেশি’ এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বিশিষ্ট রাজনীতিক, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য বলেছেন, রাজনীতি এখন ব্যবসায়ীদের দখলে চলে গেছে। রাজনীতিকে তারা ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। যে কারণে সাধারণ মানুষের দুঃখ-দূর্দশায় এখন আর তাদের পাশে দাঁড়ানোর লোকের বড় অভাব। এ অবস্থার পরিবর্তন আনতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকল অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে একদিন রাজনীতিতে আর রাজনীতিবিদরা থাকতে পারবেন না। সকল অপশক্তি তাদের গ্রাস করে ফলবে। যার আলামত আমাদের দেশে ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এজন্য বিপ্লবী রবি নিয়োগীর মতো আদর্শ ও চেতনার মানুষ আজ খুবই প্রয়োজন।
শেরপুরে অগ্নিযুগের সিংহ পুরুষ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা, বিপ্লবী রবি নিয়োগী‘র ১০৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পংকজ ভট্টাচার্য ওইসব কথা বলেন। ‘সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদে’র আয়োজনে শহরের পৌর নিউমার্কেট সভাকক্ষে ৩০ এপ্রিল রবিবার রাতে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পংকজ ভট্টাচার্য বলেন, সাম্প্রদায়িকতার সাথে আপোষ করে মুক্তিযুদ্ধ বাঁচতে পারে না। শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকীকরণ মানবতাবিরোধী অপরাধের সামিল। এজন্য শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতাকে আমরা মেনে নিতে পারিনা। তিনি বলেন, হেফাজতিদের কাছে গণতান্ত্রিক শক্তি আজ অবরুদ্ধ হয়ে পড়েছে। বাংলাদেশের সৌদি সামরিক জোটে অংশগ্রহণ, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম, পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণ আর হেফাজতিদের নিয়ে ক্ষমতাসিনদের বৈঠক করা যেন একসূত্রে গাঁথা। এতে আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র ক্ষয়িষ্ণু হওয়ার প্রমাণ মেলে।
সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান ও শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। অনুষ্ঠানে বিপ্লবী রবি নিয়োগীর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, অধ্যাপক শিব শংকর কারুয়া, মহিলা পরিষদ নেত্রী আঞ্জুমান আরা যুথী, প্রদীপ ভট্টাচার্য, জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মাসুম ইবনে শফিক, শুভজিত নিয়োগী প্রমুখ। সাংবাদিক হাকিম বাবুল অনুষ্ঠানটি সঞ্চলনা করেন। ওইসময় সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বিশিষ্ট গবেষক ড. সুধাময় দাস, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীসহ স্থানীয় প্রগতিশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তপন সারোয়ারের নেতৃত্বে উদীচী শেরপুর জেলা সংসদের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
উল্লেখ্য, বিপ্লবী রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে জন্মগ্রহণ করেন এবং ২০০২ সালের ১০ মে ইহলোক ত্যাগ করেন। তিঁনি সব সময় মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিঁনি আন্দামান নির্বাসন দন্ড খেটেছেন। তাঁর মতো অসাম্প্রদায়িক চেতনার মানুষের আজ খুব অভাব। তিঁনি কেবল রাজনীতিকই ছিলেন না, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। দৈনিক সংবাদে সাংবাদিকতার মাধ্যমে সাধারন মানুষর দু:খ-দূর্দশার চিত্র এবং সমাজের অসংগতি তুলে ধরে সমাজ সংস্কারে অবদান রেখেছেন। রবি নিয়োগী আজ আমাদের মধ্যে নেই, তবে যুগ যুগান্তরের মানবমুক্তির লড়াইয়ে তি্ঁিন বেঁচে আছেন তাঁর কর্ম ও আদর্শে।
























