স্টাফ রিপোর্টার ॥ ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সারা দেশের ন্যায় শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ এপ্রিল শুক্রবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার। পরে জেলা ও দায়রা জজের নেতৃত্বে সেখান থেকেই এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বিচারক, আইনজীবী, সাংবাদিক, লিগ্যাল এইড কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। এরপর জেলা ও দায়রা জজ অন্যান্যদের নিয়ে আইনজীবী সমিতি অঙ্গণে রেড ক্রিসেন্ট আয়োজিত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করেন। পরে সমিতির মিলনায়তনে আয়োজিত লিগ্যাল এইড দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সহকারী জজ মোহাম্মদ শহীদুল ইসলাম। যুগ্ম জেলা জজ-২ সুদীপ্তা সরকার ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান খান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার সরকার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, দায়রা জজ আদালতের জিপি এডভোকেট আবুল কাশেম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার ও এডভোকেট আবুল মানসুর স্বপন, প্যানেল এডভোকেট খন্দকার মাহবুবুর রহমান রাকীব প্রমুখ। অনুষ্ঠানে সেরা প্যানেল আইনজীবী হিসেবে এডভোকেট হরিদাস সাহা ও এডভোকেট আশরাফুন্নাহার রুবীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
শুক্রবার হওয়ার কারণে দিবসটি পালনে সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যতীত সীমিত কর্মসূচী নেওয়া হলেও জেলা ও দায়রা জজের নির্দেশনায় যুগ্ম জেলা জজ-১ মোহাম্মদ হারুন অর রশিদ ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোমিনুল ইসলামের তত্ত্বাবধানে আর জেলা আইনজীবী সমিতিসহ অন্যান্যদের সহযোগিতায় তা সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
























