শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির তান্ডবে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। ২২ এপ্রিল শনিবার রাতে উপজেলার রাণীশিমূল ইউনিয়নের সীমান্তবর্তী বালিজুরি খিষ্টানপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত বেরুনা মারাক (৫৫) বালিজুরি খিষ্টানপাড়া গ্রামের মৃত নিবন সাংমার ছেলে। আহতরা হলেন বেরুনা মারাকের স্ত্রী সইনো সাংমা (৪০), দুই পুত্র বিজয় সাংমা ও বেনজিং সাংমা।
বালিজুরি রেঞ্জের সদর বিটের ফরেস্ট কর্মকর্তা রবিউল ইসলাম জানান, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে বালিজুরি খিষ্টানপাড়া এলাকাতে একদল বন্য হাতি প্রবেশ করে ব্যাপক তান্ডব চালায়। ওইসময় নিজ বসতবাড়ির আঙ্গিনায় অবস্থান করছিল বেরুনা মারাক। একপর্যায়ে বাড়ির পার্শ্বে নিজ ফসল রক্ষার্থে এগিয়ে গেলে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। বন্য হাতির কবল থেকে বেরুনা মারাককে উদ্ধারের চেষ্টা চালালে তার স্ত্রী ও ২ পুত্র বন্য হাতির হামলায় আহত হয়। এছাড়াও বন্য হাতির হামলায় আধিবাসী বেরুনা সাংমার দুটি গরু মারা যায়। বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শ্রীবরদীর ইউএনও খালেদা নাছরিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ও আহত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপুরণ দেওয়া হবে।























