স্টাফ রিপোর্টার ॥ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বদলির নির্দেশের নির্ধারিত সময়সীমার ৯দিন পর হলেও অবশেষে শেরপুর ছেড়েছে জেলা প্রশাসক কার্যালয়ের সেই গাড়িচালক শফিকুল ইসলাম। শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন সাক্ষরিত ছাড়পত্রে ২৮ মার্চ অপরাহ্নে তাকে ছাড় দিয়ে অবিলম্বে বদলিকৃত কর্মস্থল রাজধানী ঢাকার সরকারি যানবাহন অধিদপ্তরে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নানা বিতর্কের কারণে লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত গাড়িচালক শফিকুল ইসলামকে ১৯ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থল সরকারি যানবাহন অধিদপ্তরে যোগদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওই নির্দেশের পরও সে কর্মস্থল ত্যাগ না করায় শ্যামলবাংলা২৪ডটকম এ একটি সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। কিছু অসাধু ব্যক্তি তার পক্ষ নিয়ে নানা অপতৎপরতা শুরু করে। একটি অশুভ মহলও উঠে পড়ে লাগে তার বদলি ফেরাতে।
























