রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নইমদ্দিনের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতসহ নানা দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় অভিভাবকরা। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেছেন মনিটরিং অফিসার (উপবৃত্তি) সৈয়দা মোহসীনা সোবহান। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় অভিযোগকারীদের মধ্যে বিরাজ করছে হতাশা।
জানা যায়, নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বছরের উপবৃত্তির টাকা বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করায় স্থানীয় অভিভাবক আবুল খায়ের, ইউপি সদস্য নুরল হক ও আফছর আলী বাদী হয়ে ১০ জন সাাক্ষীসহ ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত বছরের ১৮ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে ২৯ আগস্ট জেলা মনিটরিং অফিসার (উপবৃত্তি) সৈয়দা মোহসীনা সোবহান ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। ওই সময় অভিযোগকারীরা ঘটনার সাক্ষ্য দেন। এমনকি তার দুর্র্র্র্র্র্র্র্র্র্র্র্নীতির বিষয়টি উঠে আসে অভিযোগকারীদের সাক্ষ্য-প্রমাণে। তবে আজও ওই তদন্ত পরবর্তী কোনো প্রয়োজনীয় ব্যবস্থা না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন অভিযোগকারী ও স্থানীয়রা।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অরুণা রায় জানান, বিষয়টি তদন্ত হয়েছে। খুব শিগগির এর প্রতিবেদন প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে ওই শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিদ্যালয়ের পাঠদানের সুন্দর পরিবেশ গড়ে তোলার দাবি তুলেছেন অভিযোগকারীরা।























