স্টাফ রিপোর্টার ॥ ভিক্ষুকমুক্ত ময়মনসিংহ বিভাগ গড়তে টেলিকনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শনিবার বিকেলে জামালপুর জেলা সদর থেকে ওই ভিডিও কনফারেন্স পরিচালিত হয়। কনফারেন্সে জামালপুরের সাথে যুক্ত ছিল ময়মনসিংহ বিভাগের অপর ৩ জেলা ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণা। একই সময় ইতোমধ্যে ভিক্ষুকমুক্ত হওয়া নীলফামারী, নড়াইল ও খুলনার সাথে অভিজ্ঞতা বিনিময় করা হয়। জামালপুরে সরাসরি উপস্থিত থেকে কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি’র মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। ওইসময় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাসহ স্থানীয় সংসদ সদস্যগণ, এনবিআর’র চেয়ারম্যান সিনিয়র সচিব নজিবুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ বাকী বিল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
ওই কনফারেন্সে যুক্ত থাকাকালে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধা থেকে কথা বলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ও একজন পুনর্বাসিত ভিক্ষুক। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেলালুজ্জামান সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দিন, খামারবাড়ি উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, যুব উন্নয়নের উপ-পরিচালক হারুনুর রশিদ, জেলা সমাজসেবার উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা নারায়ণ সরকার, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ পুনর্বাসিত বেশ কয়েকজন ভিক্ষুক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভিজিডি, কর্মসৃজন ও ১০ টাকা কেজি চাল বিতরণের বদৌলতে ইতোমধ্যে গত একমাসে জেলায় ২শ ভিক্ষুক পুনর্বাসিত হয়েছে। এর মধ্যে শেরপুর সদরে ১৫০ জন ও নকলায় ৫০ জন রয়েছেন।
























