স্টাফ রিপোর্টার ॥ ‘দূর্যোগে প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে র্যালি, আলোচনা সভা ও দূর্যোগ মোকাবেলার মহড়া অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ মার্চ শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার হাবিবুর রহমান ও জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না শারমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা রেড ক্রিসেন্টের উপ-পরিচালক হায়দার আলী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানোয়ার হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। পরে ফায়ার সার্ভিস শেরপুরের উপ-সহকারি পরিচালক আবুল বাসারের নেতৃত্বে স্থানীয় জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
























