স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মনির ট্যুরস এন্ড ট্রাভেলস এর আয়োজনে চলতি মৌসুমে হজ্ব গমনেচ্ছুদের নিয়ে এক হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন এজেন্সির স্বত্ত্বাধিকারী মুফতি আমিনুল ইসলাম।
মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে ওই প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারি কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব একেএম আলিফ উল্লাহ আহসান, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম, প্রকৌশলী আলহাজ্ব মোঃ মোজাহারুল হক ও তেরাবাজার মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মোঃ আবদুল্লাহ। ওইসময় হজ্বে যাওয়ার পূর্বে পবিত্র মক্কা নগরী ও মদিনায় হাজীদের করণীয় এবং ধর্মীয় জ্ঞান সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় শেরপুর জেলা সদর, নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ৫ শতাধিক পুরুষ ও নারী হজ্ব গমনেচ্ছু মানুষ অংশগ্রহণ করেন।
























