স্টাফ রিপোর্টার ॥ ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’-এ শ্লোগানে শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা মহিলা পরিষদের উদ্যোগে শহরের নিউমার্কেট এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এছাড়া শেরপুর পৌরসভার উদ্যোগে মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের নেতৃত্বে একটি পৃথক র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান ও সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা শামীমা। অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


























