স্টাফ রিপোর্টার ॥ এবার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান। ৩০ নবেম্বর বুধবার দুপুরে জেলা কালেক্টরেট ভবনে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের হাতে ওই মনোনয়নপত্র দাখিল করা হয়। ওইসময় প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ দলীয় সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু এবং বিএনপিদলীয় ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন ও নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরীসহ বেশ কয়েকজন বর্তমান ও সাবেক আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন।
এদিকে আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থিতা ঘোষণা ও মনোনয়নপত্র দাখিল করায় মঙ্গলবার অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক যেকোন মুহূর্তে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে হুমায়ুন কবীর রুমানসহ সহযোগীদের বিরুদ্ধে।
এর আগে মঙ্গলবার রাতে শহরের খরমপুর এলাকায় হুমায়ুন কবীর রুমান নিজের প্রার্থীতা ঘোষণা এবং নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন। ওইসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল ওয়াদুদ অদু, জেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি আমজাদ হোসেন, সাবেক আওয়ামী লীগ নেতা এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, তাপস সাহা, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাছান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ বিপুল সংখ্যক লোকসমাগম হয়।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয়ভাবে মনোনয়ন দেয়া হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপিকে। কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সাবেক মেয়র প্রার্থিতা ঘোষণা করে মনোনয়নপত্র দাখিল করায় জেলা আওয়ামী লীগে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর আগে পৌর নির্বাচনেও মেয়র পদে দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হলেও হুমায়ুন কবীর রুমান পরে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।























