স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট চন্দন কুমার পাল দলীয় নেতা-কর্মী ও ভোটারদের সাথে মতবিনিময়সহ গণসংযোগ শুরু করেছেন। তিনি ৩০ নভেম্বর বুধবার সকাল থেকে দিনব্যাপী নালিতাবাড়ী উপজেলায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও জনপ্রতিনিধি ভোটারদের সাথে গণসংযোগে ব্যস্ত সময় কাটান। ওইসময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক মাস্টারসহ বেশ কয়েকজন স্থানীয় নেতা।
এরপর তিনি ঝিনাইগাতী উপজেলা সদরে গিয়ে দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধি ভোটারদের সাথে সরাসরি মতবিনিময়ে মিলিত হন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবুর সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানিয়েছে, দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে বৃহস্পতিবার সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে চেয়ারম্যান পদের মনোনয়নপত্র দাখিল করবেন।























