স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য মোঃ একরামউল্লাহ খান ফারুক (৫৮) ২৭ নভেম্বর রবিবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শহরের কসবা কাঠগড় এলাকার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। তার মৃত্যু সংবাদ জানার পরপরই আইনজীবীসহ কোর্ট অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। সাথে সাথে আইনজীবীরা কোর্টের কার্যক্রম থেকে বিরতিতে চলে যান। বাদ আছর জেলা আইনজীবী সমিতির অফিস অঙ্গণে শ্রদ্ধা নিবেদন ও বাদ এশা এলাকায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা বিএনপির আহবায়ক, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়, সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।
























