মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর): শেরপুরের নকলায় চাষী পর্যায়ে উন্নত মানের ধানের বীজ উৎপাদনের লক্ষ্যে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শেরপুর খামার বাড়ির আয়োজনে ২৪ নভেম্বর বৃহস্পতিবার নকলা উপজেলা কৃষি অফিসের হল রুমে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ূন কবীর। প্রধান অতিথি হিসেবে শেরপুর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আবু সাঈদ মোঃ আক্তার উজ্জামান ও অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আব্দুস সাত্তার।
কৃষি অফিস সূত্রে জানাগেছে, ২০১৬-২০১৭ অর্থ বছরের চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় বোরো বীজ উৎপাদন প্রদর্শনী চাষীদের প্রশিক্ষণ করানো হয়। বৃহস্পতিবারে ২ টি ব্যাচে ৩০ জন করে মোট ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হলো। ২৭ নভেম্বর রবিবারে আরও ১টি ব্যাচে ৩০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

























