শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে স্বাগতিক পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়েছে। ১৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে কুড়িকাহনীয়া ইউনিয়ন একাদশকে হারিয়ে পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় ছিল লক্ষ্যণীয়। খেলার শুরু থেকেই দু’দলের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে। উভয় দলের খেলোয়ার ছিল বেশিরভাগই নাইজেরিয়া ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের। ফলে প্রাণভরে খেলা উপভোগ করেন দর্শকরা। দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে ১-০ গোলে বিজয়ী হয় পৌরসভা। পরে বিজয়ীরা উল্লাসে মাঠ ত্যাগ করেন। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ‘ম্যান অব দ্যা ম্যাচ’ নির্বাচিত হয় শ্রীবরদী পৌরসভা একাদশের ২নং জার্সিধারি নাইজেরিয়ান খেলোয়ার কামারা।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য একেএম ফজলুল হক চান। উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আবু সালেহ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার ও উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলমের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাইদ, সহকারি পুলিশ সুপার খন্দকার লাবনী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওই টুর্ণামেন্টে শ্রীবরদী পৌরসভা, উপজেলার ১০টি ইউনিয়ন ও আদিবাসীদের একটি দলসহ মোট ১২টি দল অংশ নেয়।

























