নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য ‘বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়’ এর উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী পৌর শহরের উত্তর গড়কান্দা মহল্লার বাইপাসমোড় সংলগ্ন এলাকায় ওই বিদ্যালয়টি উদ্বোধন করেন সুইড বাংলাদেশ এর মহাসচিব জাওয়াহেরুল ইসলাম।
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হক মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮৯ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শুরু করেছে। ২০১৫ সাল থেকে বিদ্যালয়টি প্রতিষ্ঠায় কাজ শুরু করা হলেও মঙ্গলবার এর উদ্বোধন ঘোষণা করা হয়।
























