মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর): শেরপুরের নকলায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার নকলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নকলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন ও মোঃ শহিদুল ইসলাম, সদস্য মোঃ লিয়াকত আলী খান দুলাল, নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান, উপজেলা প্রজন্ম লীগের সাধারন সম্পাদক মোঃ শরফরাজ খান প্রমুখ। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল হক হীরা। এর আগে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধান মন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রী সভার সদস্য ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান এর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করেন উপজেলার আওয়ামী লীগের নেতা কর্মীরা। তাছাড়া তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন নকলা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলাম। অন্যদিকে আলহাজ্ব মোঃ ছাইয়েদুল হকের সভাপতিত্বে ভূরদী খন্দকার পাড়া কৃষি পণ্য উৎপাদক কল্যাণ সংস্থার আয়োজনে সংস্থার কার্যালয়ে বিকালে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
























