নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার ২ টি ইউনিয়ন পরিষদের ৪ টি কেন্দ্রের পুনরায় ভোট গ্রহণ ৩১ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ অনুষ্ঠিত নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী বিলকিস বেগম (মাইক প্রতীক) ও রৌশনারা (কলম প্রতীক) সমপরিমাণ ভোট প্রাপ্ত হন। ফলে পাঁচগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, সূর্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘুঘুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ পুনরায় সোমবার নির্ধারণ করা হয়।
অপরদিকে, গত ৭ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে জিয়াউল হক (তালা প্রতীক) ও মো. সাইদুল ইসলাম (ফুটবল প্রতীক) সমপরিমাণ ভোট প্রাপ্ত হন। তাই পুনরায় নির্বাচনের দাবির প্রেক্ষিতে হাতীবান্দা সারকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, পুনরায় ভোট গ্রহণ সুষ্ঠূ ও স্বচ্ছভাবে যেন অনুষ্ঠিত হয়,সেজন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। সোমবারের নির্বাচনে পুলিশ, আনসার সদস্যদের সাথে র্যাবের সদস্যরা টহল দেবে।
























