স্টাফ রিপোর্টার : ধর্মপ্রান মুসলমানেরা দুনিয়া ও আখেরাতে কামিয়াবী ও আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে আগামী ১০ নভেম্বর থেকে তবলিগ জামায়েতের সুরা ও জিম্মাদার সাথীদের সমন্বয়ে ৩ দিনের জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। শেরপুর শহরের অষ্টমীতলা পুলিশ লাইনের পাশ্ববর্তী ভাটারাঘাট সংলগ্ন মৃগী নদীর উত্তর পাড়ে ওই ইজতেমার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে প্রায় লাখো মুসুল্লির ধারণক্ষমতা সম্পন্ন ১০ একরের মাঠ তৈরির কাজ শুরু হয়েছে। ইজতেমা মাঠ তৈরিতে প্রতিদিন জেলা শহর ও জেলার অন্যান্য উপজেলার তবলিগ জামায়াতের সাথী ও স্থানীয় বিভিন্ন পেশাজীবী শত শত মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করছে।
তবলিগ জামায়াত সংশ্লিষ্ট মুসুল্লিরা জানায়, শহরের দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া মৃগী নদীর উত্তর পাড়ে নদী সংলগ্ন মাঠ তৈরীতে বাঁশ ও চাটাই দিয়ে প্যান্ডেল তৈরি, মাটি ভরাট কাজ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য টিউবওয়েল, অজু খানা, মুসুল্লিদের রান্নাবান্দার কাজ ও অস্থায়ী প্রশ্রাব-পায়খানা তৈরির কাজ গত দুই সপ্তাহ থেকে শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ওই প্যান্ডেল নির্মানের কাজ প্রায় শেষ করা হবে। এরপর পরবর্তি অন্যান্য আনুসাঙ্গিক কাজ ১০ নভেম্বরের মধ্যে শেষ করা হবে বলে সূত্র জানায়।
সূত্রমতে, ওই ইজতেমায় জেলার সকল মসজিদ থেকে একটি করে তবলিগ জামায়াতের দল আগমনসহ দেশ-বিদেশের অসংখ্য তবলিগ জামায়াতের সাথী মেহমানরা উপস্থিত থাকার আশা প্রকাশ করছেন জেলা মার্কাজ এর মুরুব্বিরা।























