মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : নকলার চন্দ্রকোণা-নুরুন্দি পাকা সড়কটি শেরপুর জেলা ও জামালপুর জেলার সেতু বন্ধনকারী হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন উপজেলার যোগাযোগ ও ভৌত অবকাঠামো কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। ১৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোণা থেকে জামালপুরের নুরুন্দির সাথে যোগাযোগ রক্ষাকারী রাস্তাটি পাকাকরনের কাজ পরিদর্শনকালে ওই সব কথা বলেন তারা। পরিদর্শনকালে উপজেলার যোগাযোগ ও ভৌত অবকাঠামো কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদারের সাথে ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী বিভূতী মোহন পাল, আবাসিক প্রকৌশলী প্রদীপ কুমার ও উপ-সহকারি প্রকৌশলী আব্দুল আজিজ প্রমুখ। পরিদর্শন শেষে প্রকৌশলীদের কাছে কাজের গুণাগুন সম্পর্কে জানতে চাইলে বিভূতী মোহন পাল বলেন, কাজ যথেষ্ট ভালো হয়েছে। তবে মাঝে মাঝে গভীরতাটা একটু কম হয়েছে। তা ঠিক করে দিতে ঠিকাদারকে পরামর্শ দিয়েছেন দায়িত্বরত প্রকৌশলীরা। ঠিকাদার সেলিম ত্রুটিগুলো সংশোধন করে শতভাগ ভালো কাজ উপহার দেবেন বলে এই প্রতিবেদককে জানান। তিনি বলেন, কাজটি ছোট হলেও যোগাযোগ হবে দুই জেলার জনগনের মধ্যে। তাই দুই জেলার জনগনের স্বার্থে, ভালো কাজ করে তাদের দোয়া পেলেই তিনি খুশি। এলজিইডি অফিসের তথ্য মতে, ২০১৫ সালে সকল নিয়ম মেনে কাজটি করার অনুমতি লাভ করে শেরপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান রাফিয়া এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মোঃ সেলিম মিয়া। তথ্য অনুযায়ী, ওই রাস্তা পাকাকরনের কাজটি ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে শেষ করার চুক্তি রয়েছে। ঠিকাদার ও প্রকৌশলীদের মতে কাজের ৫৫% সম্পন্ন হয়ে গেছে। প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি শেষ হবে বলে জানান, ওই রাস্তা নির্মাণে কর্মরত শ্রমিকরা। তারা বলেন বড় কাজের মধ্যে এখন শুধু কার্পেটিংয়ের কাজটিই বাকি আছে। আর সব কাজ প্রায় শেষ। নুরুন্দি ও চন্দ্রকোনা এলাকার অনেক পথচারির সাথে কথা বলে জানাযায়, ওই রাস্তাটি অতি পুরাতন হলেও এতদিন অবহেলিত অবস্থায় ছিল। আওয়ামী লীগ সরকারের কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী চলমান মেয়াদের নির্বাচনী প্রচারনার সময় ওই রাস্তাটি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি রক্ষায় আওয়ামী লীগ সরকার নির্বাচিত হওয়ার পর পরই রাস্তাটি পাকা করার পরিকল্পনা হাতে নেন এবং ২০১৫ সালে পাকা করার কাজ শুরু করেন। এতে ওই এলাকার জনগনের মধ্যে আওয়ামী লীগ সরকারের প্রতি দৃঢ় বিশ্বাস জন্ম নিয়েছে। তারা বলেন, আওয়ামী লীগ সরকার যা বলে, তাই-ই করে দেখায়। চন্দ্রকোণা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী জানান, ওই রাস্তাটি পাকা হওয়ায় নকলার চরাঞ্চলের জনগনের ভাগ্য খুলে গেল। চরাঞ্চল বাসীরা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী খুব সহজেই নকলা, শেরপুর, জামালপুর সহ সারা দেশে সরবরাহ করতে পারবেন। এতে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবেন।























