মোঃ মোশারফ হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় শিক্ষার মান যাচাইকল্পে বেস লাইন সার্ভে ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। ১৯ অক্টোবর সকাল ১১ টায় নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত ওই ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন নকলা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দীন। যদিও দাফতরিক কাজের চাপের জন্য প্রধান অতিথি উপস্থিত থাকতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তরের সেকায়েপ প্রকল্প পরিচালক ওয়াহিদুর রহমান। অনুষ্ঠানে কলেজের ১০ জন শিক্ষককে পরিদর্শক হিসেবে নিয়োগের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। তাছাড়া আফজালুন নেছা বালিকা বিদ্যালয়, ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদরাসা, চরমধুয়া দাখিল মাদরাসা, তারাকান্দা দাখিল মাদরাসা ও পাঁচ কাহনিয়া আলিম মাদরাসায় কর্মরত সকল এসএটি শিক্ষকরাও উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানে চলমান অতিরিক্ত ক্লাস কার্যক্রম মূল্যায়নের জন্য ওই ৫ টি প্রতিষ্ঠানের ৮ম ও ১০ম শ্রেণির প্রতি ক্লাস হতে ১৫ জন করে শিক্ষার্থীদের মাঝে এক মূল্যায়ণ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ থেকে সেকায়েপ কতৃক পরিচালিত অতিরিক্ত ক্লাস কার্যক্রমের সফলতার মাত্রা যাচাই করা সম্ভব হবে বলে জানান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ ও সেকায়েপ প্রকল্প কর্মকর্তা ওয়াহিদুর রহমান।























