ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় চুরি যাওয়ার ভয়ে রাতজেগে গোয়াল ঘর পাহারা দিচ্ছেন কৃষকরা। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বিভিন্ন গ্রামাঞ্চলে গরু চোরের উপদ্রব ব্যাপকভাবে বেড়ে গেছে। ইতোমধ্যেই ৮/১০ গরু চুরির ঘটনা ঘটেছে। বর্তমানে প্রায় প্রতি রাতেই বিভিন্ন গ্রামে সংঘবদ্ধ গরুচুর সিন্ডিকেট গরু চুরি করতে কৃষকদের গোয়াল ঘরে হানা দিচ্ছে।
ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, তার ইউনিয়নে ৫/৭টি গরু চুরি হয়েছে। বর্তমানে চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কৃষকরা রাত জেগে গোয়াল ঘর পাহারা দিচ্ছেন। নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান আইয়ূব আলী ফর্সা বলেন, তার ইউনিয়নে ৪/৫টি গরু চুরি হয়েছে। গত কয়েকদিন আগে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আয়নাপুর এলাকা থেকে গ্রামবাসীরা ৪টি গরু আটক করে। আতঙ্কে কৃষকরা রাত জেগে গোয়াল ঘর পাহারা দিচ্ছেন। ওসি মিজানুর রহমান বলেন, চুরির উপদ্রব বৃদ্ধির ঘটনা তার জানা নেই। তিনি বলেন, গরু চুরির একটি নিয়মিত মামলা ও একটি সাধারন ডায়েরীর ঘটনা তার জানা আছে।























