শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী শহরের শ্মশানঘাট কালিমাতার মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৩১ আগস্ট বুধবার ভোরে দুর্বৃত্তরা তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে কালি- শীতলা মাতার প্রতিমা, ত্রিনাথ ও রাজা হরিশ চন্দ্রের বিগ্রহসহ ৯টি মূর্তি ভাঙচুর করে। এছাড়া ভাংচুর শেষে দুর্বৃত্তরা মন্দিরের কাসার বাসন ও অন্যান্য সামগ্রীসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। এরা হচ্ছে পৌর শহরের দহেরপাড় গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে আবুল হোসেন (২৮), বিশু মিয়ার ছেলে নাইফুল ইসলাম (২০) ও মাসুদ মিয়ার ছেলে মোস্তফা (১৮)। সকালেই পুলিশ সুপার মেহেদুল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্যদিকে ওই মূর্তি ভাঙচুরের ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, শ্রীবরদী পৌর এলাকার দহেরপাড় গ্রামে ১ একর ১০ শতক জমির ওপর ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের শ্মশান ঘাটটি অবস্থিত। মৃত মজির উদ্দিনের ছেলে আবুল হোসেন কয়েক বছর আগে জোর করে শ্মশানের ১৫ শতাংশ জমি দখলে নিয়ে সেখানে মাছ চাষ শুরু করে। এ নিয়ে পূজা কমিটি ও শ্মশান কমিটির নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনকে বেশ কয়েকবার জমি উদ্ধারের জন্য অনুরোধ করলেও কোন ফল হয়নি। শহর থেকে দুই কিলোমিটার দূরে হওয়ায় আবুল হোসেন মাঝে মধ্যেই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের হতদরিদ্র লোকজনকে নানা ধরনের হুমকি দিতেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক চন্দন দাস ও মন্দির কমিটির সভাপতি হারু সাহা অভিযোগ করে বলেন, আবুল হোসেন একজন প্রভাবশালী। তাঁকে আমাদের সম্প্রদায়ের লোক ভয় পেয়ে কিছু বলতে সাহস পেতেন না। সে ছাড়া স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সকল মানুষই শ্মশানের কাজ-কর্মে সবসময় সহায়তা করতো। তিনি বলেন, মন্দিরের জায়গা দখল করে আবুল হোসেন মাছ চাষ করে। সেখানে নৈশ প্রহরী রেখেছে সে। আমাদের ধারণা, ওই নৈশ প্রহরীর সহায়তায় প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এদিকে ওই ঘটনায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. মেহেদুল করিম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। যারা এর সাথে জড়িত তাদের সনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে। ইতোমধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।























