শ্যামলবাংলা ডেস্ক : আসন্ন সফরে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলকে শতভাগ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি জানান, বাংলাদেশে নিরাপত্তাহীনতার বা ভয়ের কোন কারণ নেই। দেশের ইতিবাচক ইমেজের স্বার্থে ইংল্যান্ড দলকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা দেবে আইন-শৃঙ্খলা বাহিনী। ৩০ আগস্ট মঙ্গলবার সকালে ডিএমপি সদর দপ্তরে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে নিরাপত্তা সংক্রান্ত এক সভায় পুলিশ কমিশনার ওই কথা বলেন। ওইসময় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
সভায় ইংল্যান্ড সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ব্যাখ্যা করতে গিয়ে পুলিশ কমিশনার জানান, ‘বিশ্বকাপসহ বড় বড় বেশ কয়েকটি ইভেন্টে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে শেষ করার অভিজ্ঞতা রয়েছে পুলিশের। সে অভিজ্ঞতার আলোকে ইংল্যান্ড দলকে শতভাগ নিরাপত্তা দেওয়া হবে।’
ক্রিকেট কর্মকর্তাদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশে নিরাপত্তাহীনতার বা ভয়ের কোন কারণ নেই। আসন্ন ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে পুলিশ দৃশ্যমান নিরাপত্তা এবং শৃঙ্খলা প্রদর্শন করবে। চলমান যে নিরাপত্তা রয়েছে তা আরও বৃদ্ধি করা হবে।’
























