স্টাফ রিপোর্টার : গত ১৯ ও ২০ জুলাই ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন-বাংলাদেশ কাউন্সিল (আইটিউসি-বিসি) এর দ্বি-বার্ষিক ইউনিটি কনফারেন্স ঢাকার ইস্কাটনস্থ বিয়াম ভবনে অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রী মো: মজিবুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন-এশিয়া প্যাসিফিক (আইটিউসি-এপি)এর জেনারেল সেক্রেটারী নরিউকি সুজুকি, জেটিইউসি-র্যাংগুএর আন্তর্জাতিক বিষয়ক নির্বাহী পরিচালক সোয়া ইয়োশিদা ও আইটিইউসি-এপি’র শিক্ষা বিষয়ক পরিচালক মি: পি. হরিদাসন। আইটিউসি-বিসি’র চেয়ারম্যান ও বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন- বিএসএসএফএর সভাপতি তোফাজ্জল হোসেন বিশেষ কারণে অনুপস্থিত থাকায় কনফারেন্সে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ। দেশের ৬ টি বৃহৎ ফেডারেশন তথা জাতীয় শ্রমিক লীগ, জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন-বিএসএসএফ, বিএফটিইউসি, বিএমএসএফ ও বিএলএফ এর ১৫০ জন কেন্দ্রীয় নেতা এই ইউনিটি কনফারেন্সে অংশগ্রহণ করেন। এর মধ্যে ময়মনসিংহ বিভাগ থেকে অংশ গ্রহন করেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন-বিএসএসএফ এর কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ। কনফারেন্সে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয় এবং জঙ্গীহামলায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। ইউনিটি কনফারেন্সে বাংলাদেশের সকল সেক্টরের শ্রমিকদের সংগঠিত করার লক্ষ্যে অংশগ্রহণকারী ছয়টি ফেডারেশন এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত গৃহিত হয় এবং আগামী দুই বছরের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য সকল নেতৃবৃন্দ সম্মত হন। কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন আইটিইউসি-বিসি’র সেক্রেটারী জেনারেল এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন খান। এছাড়া বিএসএসএফ এর সেক্রেটারী জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএফটিইউসি’র সভাপতি এ.এ মুকিত খান, জাতীয় শ্রমিক লীগ মহিলা কমিটির সভানেত্রী রৌশন জাহান সাথী (এক্স এমপি), সাধারণ সম্পাদক শামসুন্নাহার ভূইয়া, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাহিদ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, বিজেএসডি’র (মহিলা) সাধারণ সম্পাদক নাসরিন আক্তার দিনা, বিএমএসএফ এর জেনারেল সেক্রেটারী মুজিবুর রহমান ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।























