খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের ২ দিন পর বিনা আক্তার (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাকাকুড়া গ্রামের একটি খাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। বিনা বাকাকুড়া নয়াপাড়া গ্রামের কৃষক মোঃ মফিজল হকের কন্যা। বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে কিশোরীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
জানা যায়, ১৯ জুলাই কিশোরী বিনা নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পশ্চিম বাকাকুড়া জিয়া খালে এলাকাবাসী বিনার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের ফজল হকের ছেলে আমান (২০) কিশোরী বিনাকে প্রেমের প্রস্তাবসহ মাঝে-মধ্যে উত্যক্ত করত। বিনা আমানের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ঘটনা ঘটতে পারে। যে কারণে ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে আমানের পিতা হারুন-উর রশিদকে আটক করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
























