স্টাফ রিপোর্টার : জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য দপ্তর। ১৯ জুলাই মঙ্গলবার সকালে জেলা মৎস্য অফিস মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এক নজরে জেলার মৎস্য বিষয়ক তথ্যাবলী ও চলমান কার্যক্রম তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা আকন্দ। ওইসময় তিনি জাতীয় মৎস্য সপ্তাহের ৭ দিনব্যাপী নানা কর্মসূচী বর্ণনা করে কর্মসূচী সফল করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
মতবিনিময় সভায় জানানো হয়, জেলায় বর্তমানে বার্ষিক মাছের চাহিদা ২৯ হাজার ৮৪৭ মে. টন। চাহিদার প্রায় ৯৪ ভাগ মাছ স্থানীয়ভাবেই উৎপাদন হয়, যার পরিমান ২৭ হাজার ৮২২ মে. টন। বেসরকারি পুকুর ও বানিজ্যিক মৎস্য চাষ দিন দিন বৃদ্ধি পাওয়ায় স্থানীয়ভাবে আমিষের ঘাটতি পুরণ করা সম্ভব হচ্ছে। মৎস্য চাসীরাও এতে লাভবান হচ্ছেন। তবে জেলায় ৫৬ টি বিল ও ২০টি খাল থাকলেও নানাকারণে খাল-বিলগুলোর আয়তন দিন দিন ছোট হয়ে আসছে। অনেকেই এসব বিলের জমি দখলে নিয়ে নিজের প্রয়োজনে ব্যবহার করছে। এতে দেশী জাতের মাছের প্রাকৃতিক প্রজননে বিঘœ ঘটছে।
মতবিনিময় সভায় জেলা মৎস্য দপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আনোয়ারা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
























