স্টাফ রিপোর্টার ॥ ‘জীবিকার জন্য গাছ, জীবনে জন্য গাছ’, অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান’-শ্লোগানে শেরপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা এবং ফলদ বৃক্ষমেলা। ১৮ জুলাই সোমবার দুপুরে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পৌর পার্ক মাঠে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক ছাড়াও অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায়, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সহকারি বন সংরক্ষক মো. আব্দুল ওদুদ ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা পরিষদ ও শেরপুর পৌরসভার সহযোগিতায় বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এ বৃক্ষমেলার আয়োজন করেছে। মেলায় বিভিন্ন সরকারি বিভাগ ও নার্সারিসহ ৪৯টি স্টলে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ এবং হরেক রকমের দেশজ ফলের পসরা বসেছে।
আগামী ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বৃক্ষমেলা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন মেলা চত্বরে স্থাপিত মঞ্চে সন্ধ্যা ৭ টা থেকে সচেতনতামুলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।























