স্টাফ রিপোর্টার : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে শ্রীশ্রীজগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৪ জুলাই বৃহস্পতিবার সকালে সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ জেলা শহরের গোপালবাড়ী মন্দির থেকে পুষ্পরথটি টেনে নয়আনী বাজার কালিমাতার মন্দিরে নিয়ে যান। এ সময় এখানে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা অর্চনা।
বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইস্কন) উদ্যোগে শহরের গৃদানারায়ণপুর এলাকার নৃসিংহ জিউ মন্দির থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হিন্দু পূণ্যার্থীরা রথও টানেন। এদিকে উল্টোরথযাত্রা উপলক্ষে নয়আনী বাজার কালিমাতার মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।























