স্টাফ রিপোর্টার : অর্থ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় অগ্রণী ব্যাংক নন্দীবাজার শাখার সাবেক ব্যবস্থাপক আব্দুস সাত্তারের বিরুদ্ধে একতরফা ডিগ্রী দিয়েছেন শেরপুরের বিজ্ঞ যুগ্ম জেলা জজ (প্রথম আদালত) হারুন-অর-রশিদ। ১০ মে মঙ্গলবার আদালত ওই ডিগ্রী দেন। ২০১১ সালে ৭২ লক্ষ ৫৭ হাজার ২৯১ টাকা বিভিন্ন নামে ঋণ বিতরণ দেখিয়ে আত্মসাত করলে ব্যাংক কর্তৃপক্ষ ওই মামলা দায়ের করে।
জানা যায়, আব্দুস সাত্তার ২০০৬-০৭ সালে অগ্রণী ব্যাংক নন্দীবাজার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকাবস্থায় ব্যাংকের মূলতবি হিসাব থেকে মঞ্জুরি ব্যতীত ভোগ্যপণ্য বিতরণ, সিসি ঋণ বিতরণ, বাজেট অতিরিক্ত কৃষিঋণ বিতরণ ও এমএমসিপি ঋণ তামাদি হওয়ায় নামে-বেনামে ৯৯ লক্ষ ৮২ হাজার ২৯১ টাকা আত্মসাত করেন। ওই আত্মসাতের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করলে তিনি আত্মসাতকৃত টাকার মধ্যে ২৭ লক্ষ ২৫ হাজার টাকা বাদী (অগ্রণী ব্যাংক) বরাবরে ফেরত প্রদান করেন। আত্মসাতকৃত বাকী অর্থ ফেরত প্রদানে অঙ্গীকার প্রদান করলেও যথাসময়ে তা ফেরত না দেওয়ায় ব্যবস্থাপক অগ্রণী ব্যাংক, নন্দীবাজার শাখা আব্দুস সাত্তারের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আব্দুস সাত্তারকে বিচারিক আদালত আত্মসাতকৃত অর্থ বাদী ব্যাংক বরাবরে ফেরত প্রদানে একতরফা ডিগ্রী জারি করেছেন। মামলাটি বাদীপক্ষে পরিচালনা করেন একিউএম ইকরামুল হক।
এ ব্যাপারে সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুস সাত্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘদিন যাবত নানা জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকাতে চিকিৎসাধীন আছেন। শেরপুরে তার কোন যাতায়াত নেই। মামলার বিষয়েও তিনি অবগত নন।























